মদ খাওয়া যে যেকোনো সুস্থ মানুষকেই অসুস্থ করে তুলতে পারে তা আমাদের সকলেরই জানা। অতিরিক্ত মদ্যপান মানুষের নানান শারীরিক অসুস্থতা যেমন, ওজন বৃদ্ধি, হার্টে সমস্যা, কোলোনিক ফ্যাট, লিভারের নানান সমস্যা ইত্যাদির কারণ হয়ে উঠতে পারে। এমনকি হতে পারে মৃত্যুও। কিন্তু এক নির্দিষ্ট পরিমাণ মদ্যপানের যে উপকারী দিকও কিছু আছে তা জানালো বিজ্ঞানীদের নানান গবেষণা।
স্বল্প পরিমাণে ওয়াইন, হুইস্কি, বিয়ার প্রভৃতী জাতীয় মদ্যপানের কিছু উপকারীতাও রয়েছে। অবশ্যই তা স্বল্প পরিমাণে, নইলেই হবে হিতের বিপরীত৷ স্বল্প পরিমাণে খাওয়ার দরুণ কিছু শারীরিক উপকারিতার কথা বিজ্ঞানীরা আগেই জানালেও। এবারে এক অবিশ্বাস্য দাবী করে ফেললেন এক ডাচ বৈজ্ঞানিক।
নেদারল্যান্ডের মাস্ট্রিক বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ইনজ কার্স বার্গেন সম্প্রতি এই মদপান নিয়ে এক গবেষণা করেছেন। সেই গবেষণাতেই উঠে এসেছে নয়া এক তথ্য। আর সেই তথ্যটি হলো যে, এক নির্দিষ্ট স্বল্প পরিমাণ মদ খেলে তাতে বিদেশী ভাষা রপ্ত করা যথেষ্ট সহজ হয়ে ওঠে।
এই গবেষণাটি তিনি চালিয়েছিলেন কিছু জার্মান ছাত্রদের ওপর৷ তাদের দুটি দলে ভাগ করে, একদলকে দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে মদ এবং অপরদলকে রাখা হয় এমনি ভাবে। এরপর এই দুই দলের শিক্ষার্থীদেরই বলা হয় ডাচ ভাষা পড়তে এবং লিখতে। এরপরই দেখা যায় যে, যে ছাত্রছাত্রীদের দলটিকে মদ্যপান করানো হয়নি তাদের অপেক্ষা যারা মদ্যপান করেছিল তাদের ডাচ ভাষা রপ্ত বেশি হয়েছে। তারা অনেক নির্ভুলভাবে ডাচ ভাষা উচ্চারণ করতে এবং লিখতে পারছেন৷ অপরদিকে যাদের মদ্য পান করতে দেওয়া হয়নি তাদের ডাচ ভাষা কিছুটা কম রপ্ত হয়েছিল বলে লক্ষ্য করা যায়। জনা ৫০ জন জার্মান ছাত্রছাত্রীর ওপর এই পরীক্ষা চালানোর পরই এই ডাচ গবেষক তথা অধ্যাপক এই সিদ্ধান্তে আসেন যে মদ্য পান করলে যে কোনো কারোরই যে কোনো বিদেশী ভাষা তাড়াতাড়ি রপ্ত হয় এবং উচ্চারণও নির্ভুল হয়।






