২৩ বছর ধরে বারবার ফেল করেছেন। কিন্তু কখনই মনোবল হারান নি। নিজের সাহস ও জেদ বজায় রেখেছেন তিনি। সমস্ত লড়াই জয় করে তাই তো ৫৫ বছর বয়সে এসে সকলকে তাক লাগিয়ে দিলেন ব্যক্তি। ৫৫ বছর বয়সে এমএসসি ডিগ্রি অর্জন করলেন এক সিকিউরিটি গার্ড।
কথাতেই রয়েছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। মনের শক্তির জেরে যে কোনও প্রতিকূলতাকে জয় করতে পারে মানুষ। আর এই কথাটা ফের একবার প্রমাণ করে দিলেন ৫৫ বছরের সিকিউরিটি গার্ড রাজকরণ বড়ুয়া। ২০০১ সাল থেকে পরপর ২৩ বছরে ২৩ বার ফেল করেছেন তিনি। কিন্তু হাল ছাড়েন নি। অবশেষে এল জয়। ৫৫ বছর বয়সে এসে এমএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করলেন ওই ব্যক্তি।
কে এই রাজকরণ বড়ুয়া?
৫৫ বছর বয়সী রাজকরণ বড়ুয়ার গল্পটা বেশ কষ্টের। এমএসসি ডিগ্রি পেতে দুদশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তাঁকে। এই রাজকরণ বড়ুয়া মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড। মাসিক উপার্জন মেরেকেটে ৫-৭ হাজার টাকা। তাই দিয়ে সংসার চালানোর পাশাপাশি চলে পড়াশুনাও। ছোট্ট একটি কুঁড়েঘরে থাকেন তিনি।
তবে পড়াশুনার প্রতি তার ভালোবাসা ছিল চিরকালই। তাঁর সেই আগ্রহ চমকে দিয়েছে সকলকে। ২৩ বছর ধরে বারবার ব্যর্থ হওয়ার পরও কোনওভাবেই থেমে যান নি তিনি। কঠোর পরিশ্রমের পর এমএসসি ম্যাথস ডিগ্রি লাভ করেছেন রাজকরণ। কোনও প্রতিকূল পরিস্থিতিই তাঁকে তাঁর লক্ষ্য থেকে সরে যেতে দেয়নি।
রাজকরণ জানান, পড়াশোনার জন্য তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। অর্থের অভাবে নিরাপত্তারক্ষীর কাজ করেছেন তিনি। পড়াশোনার জেদের জন্যই বিয়ে করতে পারেন নি রাজকরণ। তিনি জানান, তিনি দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল খুলতে চান যেখানে তিনি গরীব ছাত্রছাত্রীদের বিনামূল্যে লেখাপড়া করাতে পারবেন।





