ব্রিটেনের সমুদ্র সৈকতে ভেসে এলো একটি বৃহদাকার প্রাণীর মৃতদেহ। যেটি প্রায় ১৫ ফুট লম্বা। আর দেখতেও ভারী অদ্ভুত। এরপরই ওই প্রাণীটির ছবি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে প্রাণীটি যে আসলে কি তা এখনো জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ২৯শে জুলাইও তিনি রোজের মতোই আইন্সডেল সমুদ্রের ধারে হাঁটতে বেরিয়েছিলেন। এমন সময়ই তিনি ওই বিশাল প্রাণীটিকে দেখতে পান। সেই সময় ওই প্রাণীর দেহ থেকে একটা তীব্র দুর্গন্ধ আসছিল। মনে হচ্ছিল সেটি পচতে শুরু করেছে।
ব্রিটেনের সমুদ্র সৈকতে আবিষ্কৃত রহস্যময় প্রাণীটি সম্পর্কে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানান, ‘‘মৃতদেহটির চার পায়ের দিকে চারটি পাখনার মতো অংশ ছিল, যার কারণে সেটিকে আরও কিম্ভুত দেখতে লাগছিল। প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এর হাড়গুলোও চারপাশে ছড়িয়ে ছিল। দেখে মনে হচ্ছিল যেন দুটি প্রাণী একসাথে যুক্ত হয়ে আছে। হতে পারে প্রাণীটি প্রসব কালে মারা গেছে।’’
তবে ইতিমধ্যেই ওই প্রাণীটির ছবি আইন্সডেল কমিউনিটি ফেসবুক গ্রুপ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে প্রাণীটি আসলে কি সে বিষয়ে এখনও জানা যায়নি।






