কথাতেই রয়েছে, ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন’। এই কথাটি যে যুবকের জীবনে এভাবে সত্যি হয়ে যাবে, তা সে নিজেও কখনও কল্পনা করতে পারে নি। নাহলে কী আর আবর্জনার স্তূপের মধ্যে থেকে ‘অমূল্য রতন’ মেলে! আবর্জনার ভিতর থেকে ২৩ তাড়া ডলার পেলেন এক কাগজ কুড়ানি যা ভারতীয় মুদ্রায় ২৫ কোটি টাকা।
কী ঘটেছে আসল ব্যাপারটি?
এমন চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, গত ১ নভেম্বর পথঘাটে ঘুরে নিজের কাজ করছিলেন সলমন শেখ নামের এক কাগজ কুড়ানি। এক আবর্জনা স্তূপের কাছে যেতেই চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। সেই আবর্জনার মধ্যে ডলারের বান্ডিল পড়ে থাকতে দেখে সে। কিছুক্ষণের জন্য ঘাবড়েই যায় সেই কাগজ কুড়ানি।
তবে পরক্ষণেই দ্রুত সেই টাকা নিয়ে পালায় সে। বেশ কিছুদিন এই টাকা নিজের কাছেই রেখে দিয়েছিল সে। কী করবে ভেবে না পেয়ে শেষমেশ নিজের ‘বস’ বাপ্পার কাছে ওই ডলার নিয়ে যায় ওই কাগজ কুড়ানি। সেই ব্যক্তিও ওই টাকা দেখে চমকে ওঠেন।
বাপ্পা এরপর দ্বারস্থ হন এক সমাজকর্মীর কাছে। তিনিই পুলিশে খবর দিলে সেই খবর যায় যায় পুলিশ কমিশনারের কাছে। পুলিশের হাতেই শেষমেশ তুলে দেওয়া হয় সেই ডলারের বান্ডিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
এই টাকা কোথা থেকে এল?
তদন্তকারীদের অনুমান, এই বান্ডিল করা ডলার আসলে কোনও দুর্নীতির গুপ্তধন হতে পারে। এই ডলারগুলোতে রাসায়নিক লেগে রয়েছে বলেও দেখা গিয়েছে। এই সব নোট রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হয়েছে। ডলারগুলি আসল নাকি নকল, তা খতিয়ে দেখা হচ্ছে।





