নিরামিষের দিনে অতিথিদের কী খেতে দেবেন তাই নিয়ে আর চিন্তা নয়, বানান নতুন স্বাদের ছানার কোপ্তা রেসিপি

নিরামিষের দিনে বাড়ির সবাইকে কি নতুন কিছু খাওয়াবেন তা নিয়ে চিন্তা করার দরকার নেই। ছানার কোপ্তা এমন একটি পদ যা অনেকেই পছন্দ করেন। এবার নতুনত্ব তিল-মৌরি বাটা দিয়ে ছানার কোপ্তা তৈরি করে দেখুন। আসুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি।

উপকরণ

পনির, নুন, চিনি, লঙ্কাগুড়ো, হলুদ গুঁড়ো, ময়দা, তিল বাটা, মৌরি, মৌরি গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো দুধ, টকদই, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,পাঁচফোড়ন, এলাচ, তেজপাতা, সর্ষের তেল, আদা বাটা।

রন্ধন প্রণালী

প্রথমে ২৫০ গ্রাম পনির বা ছানা ভালো করে হাত দিয়ে মেখে নিন। এতে সামান্য নুন, চিনি এবং খুব অল্প লঙ্কাগুঁড়ো মেশান। এরপর দু চামচ ময়দা বা চালগুঁড়ো মিশিয়ে ছোট ছোট চ্যাপ্টা বল তৈরি করে ভেজে নিন।

এক বড় চামচ তিল, এক চা চামচ মৌরি, কাঁচালঙ্কা ও একটা শুকনো লঙ্কা একসাথে বেটে নিন। আরও একটি পাত্রে চার চামচ গুঁড়ো দুধ সামান্য গরম জলে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ৫০ গ্রাম টকদই আগে থেকে ভাজা জিরে, ধনে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখুন।

কড়াইয়ে সর্ষের তেল গরম করে, পাঁচফোড়ন, এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। সামান্য গন্ধ বেরোলেই তার মধ্যে একটু আদা বাটা কষিয়ে নিন। তাতে দিন নুন ও হলুদ আরও খানিকক্ষণ ভেজে নিন। এরপর ফেটানো টকদই দিয়ে ভালো করে কষিয়ে নিন তেল বেরোনো পর্যন্ত। এরপর তিল বাটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখুন।

তেল ছেড়ে আসলে, ছানার কোপ্তাগুলি দিয়ে আধ কাপ গরম জল ও কয়েকটা কাঁচালঙ্কা দিয়ে বেশি আঁচে একটু ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে গুঁড়ো দুধের মিশ্রণটি দিয়ে ফুটতে দিন। ঘন হয়ে এলেই কোপ্তা রেডি। ভাজা মৌরি গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে গেল তিল-মৌরি বাটা দিয়ে ছানার কোপ্তা। এই পদটি ভাতের সাথে অসাধারণ লাগে। আপনি চাইলে লুচি পরোটার সঙ্গেও এই পদটি পরিবেশন করতে পারেন।

রান্নার আগে জানুন

মৌরি বাটা বেশি সময় ফোটাতে নেই, তিতো হয়ে যাবে। তাই এই রান্নায় কম জল দিন এবং অবশ্যই গরম জল ব্যবহার করুন যাতে অনেকক্ষণ ফোটাতে না হয়। গুঁড়ো দুধের মিশ্রণের বদলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন।

RELATED Articles