লাউয়ের পরোটা একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, যা আপনার খাবারের মেনুতে নতুন স্বাদ যোগ করবে। এই পরোটা তৈরি করতে সময়ও কম লাগে এবং খুব সহজেই তৈরি করা যায়। জেনে নিন কীভাবে এই লাউয়ের পরোটা তৈরি করা যায়।
উপকরণ
লাউয়ের পরোটা তৈরী করতে উপকরণ হিসেবে প্রয়োজন লাউ মাঝারি আকারের ১টি, আটা ২ কাপ, আদা কুচি করা ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি করা ২টি, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, তেল পরোটার জন্য প্রয়োজন মতো, ধনেপাতা কুচি করা ১ টেবিল চামচ।
রন্ধন প্রণালী
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। ঝিরি ঝিরি করে কাটা লাউটি একটি পাত্রে রেখে দিন। এবার একটি বড় পাত্রে আটা নিয়ে তাতে লাউ, আদা, কাঁচা মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সমস্ত উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটি মাখতে শুরু করুন। ভালোভাবে মাখা হলে মিশ্রণটি নরম ও মসৃণ হবে। মাখা হয়ে গেলে ১০-১৫ মিনিট ঢেকে রেখে দিন, যাতে এটি সেট হয়ে যায়।
এবার মাখা মিশ্রণটি থেকে ছোট ছোট লেচি তৈরি করুন। প্রতিটি লেচি গোল করে বেলে নিন, যেন পরোটার আকার ধারণ করে। একটি তাওয়া বা ফ্রাইপ্যান গরম করে তাতে অল্প তেল দিন। বেলে নেওয়া পরোটাগুলো তাওয়ায় বসিয়ে দুই পিঠ ভালোভাবে সেঁকে নিন, যতক্ষণ না সোনালী রঙ হয়। পরোটার দুই পিঠ ভালোভাবে সেঁকা হলে তাওয়া থেকে তুলে গরম গরম পরিবেশন করুন।
লাউয়ের পরোটা দই, আচার বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করা যায়। লাউয়ের পুষ্টিগুণের জন্য এই পরোটা খুবই স্বাস্থ্যকর। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে জল। রয়েছে ভিটামিন ও খনিজ, যা শরীরের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক।





