সর্ষে, ভাপা ইলিশ তো অনেক খেলেন, এবার এই বর্ষায় বানিয়ে ফেলুন ওপার বাংলার দুর্দান্ত রেসিপি ইলিশ বিরিয়ানি

বাঙালিরা সাধারণত মাছ খেতে ভালোবাসে। বর্ষার সময় সকলের মুখে একটাই মাছের নাম ইলিশ। ইলিশের ভাজা বা ভাপা, ঝাল, ঝোল ছাড়াও ইলিশ দিয়ে তৈরি করা যায় আরও বহু পদ। আজ আপনাদের জন্য রয়েছে ইলিশ বিরিয়ানির রেসিপি। এটি একবার তৈরি করে দেখুন, তারপর প্রতিটি সপ্তাহে এটি খেতে ইচ্ছা করবে।

উপকরণ

ইলিশ বিরিয়ানি তৈরী করতে উপকরণ হিসেবে প্রয়োজন ইলিশ মাছ ১ কেজি
বাসমতি চাল – ১ কেজি (অথবা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন), সর্ষের তেল পরিমাণ মতো, কাঁচা লঙ্কা ৪ টি, হলুদ গুঁড়ো ২ চামচ, বেরেস্তা (ভাজা পেঁয়াজ) ১ চামচ, ধনেপাতা কুচি, নুন পরিমাণ মতো।

রন্ধন প্রণালী

প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ধুয়ে, পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা তৈরি করুন। বেরেস্তা তুলে নিন এবং ওই তেলেই মাছগুলো ভালো করে ভেজে আলাদা করে রাখুন।

এরপর চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। মাছ ভাজার তেলেই কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তারপর ধুয়ে রাখা চালটি দিয়ে প্রায় পাঁচ মিনিট ভালো করে ভেজে নিন। রান্নার কড়াই কিংবা বড়ো প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। এবার একটি বড় প্রেসার কুকারে কিছুটা সরষের তেল দিন। প্রথমে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলি দিন, তারপরে চালের স্তর দিন। এভাবে দু’বার স্তর তৈরি করুন। তারপর গরম জলে পরিমাণমতো লবণ গুলিয়ে উপরে ছড়িয়ে দিন।

প্রেসার কুকারে রান্না করলে ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে সেদ্ধ হতে দিন। আর কড়াতে রান্না করলে, ঢাকনা দিয়ে আটা মাখা দিয়ে চারিদিক সিল করে কম আঁচে ৩০ মিনিট রান্না করুন। ৩০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন ইলিশ বিরিয়ানি প্রস্তুত। নামানোর আগে উপরে পেঁয়াজ বেরেস্তা এবং কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন। এই ইলিশ বিরিয়ানির স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে।

আরও অন্যান্য খবর