ভারতীয় ক্রিকেটে সর্বসেরা অধিনায়ক কে? এই নিয়ে বিতর্ক ওঠে দুই ক্রিকেটারের মধ্যে। মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলি। কিন্তু অস্বীকার করে লাভ নেই, ভারতীয় ক্রিকেটকে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজন দায়িত্বশীল ক্রিকেটার দেওয়ার পিছনে অবদান রয়েছে সৌরভ গাঙ্গুলির। ২০০৪ সালে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল ধোনির। আর শনিবার প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির অবসর গ্রহণের পর নিজের পুরোনো সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
নিজের টুইটারে সৌরভ লিখেছেন, “এটি একটি যুগের সমাপ্তি। দেশ ও বিশ্ব ক্রিকেটে তিনি এক অসামান্য খেলোয়াড়। তাঁর নেতৃত্বের গুণাবলি এমন যা কারোর সাথেই মিল পাওয়া কঠিন। বিশেষত স্বল্প ওভারের ক্রিকেটে।”
২০০৭ সাল থেকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০ ম্যাচে অধিনায়কত্ব করা অধিনায়কের মধ্যে তার জয়ের শতাংশ (৫৯.৫২%) তৃতীয় স্থানে থাকবে।
এছাড়া সৌরভ আরও বলেছেন, “প্রথম দিকের ওয়ানডে ক্রিকেটে তাঁর ব্যাটিং বিশ্বকে অন্য মাত্রায় দাঁড় করিয়েছে এবং তার নিখুঁত প্রাকৃতিক বুদ্ধিমত্তাও অসামান্য। প্রতিটি ভাল জিনিস শেষ হয়ে যায় এবং এটি ছিল একেবারে উজ্জ্বল। ধোনি উইকেটকিপার হিসেবে দেশের জন্য একটি চিহ্ন তৈরি করে গিয়েছে। মাঠে কোনও অনুশোচনা না করে কেরিয়ার শেষ করবে। একটি অসামান্য কেরিয়ার, আমি তার ভালো জীবনের কামনা করি।”





