এবারের আইপিএল-এর শুরুতে অনেকেই ভরসা রেখেছিলেন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপর। কিন্তু এবারের টুর্নামেন্টে একেবারে হতশ্রী পারফর্মেন্স দেখিয়েছে সিএসকে। অন্যদিকে বেশ ভালোই পারফর্ম করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই দুই দলকে চলতি আইপিএল এর প্লে অফসে দেখছেন না প্রাক্তন পেসার অজিত আগরকার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে কিছু না বললেও সিএসকে নিয়ে উবাচ আগরকার। একটি টক শোয়ে তিনি জানিয়েছেন, “আইপিএল এর শুরুতে আমি চেন্নাই সুপার কিংসকে ধরেছিলাম যে তারা প্লে অফসে অতিক্রম করবে। কিন্তু এই মুহুর্তে, বাকি দলগুলি চেন্নাইয়ের থেকে অনেক ভালো খেলছে।”
পাশাপাশি এবারের সেরা দুই দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসকে ধরেছেন আগরকার। তিনি বলেছেন, “এবারের টুর্নামেন্টে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই চলছে, কত চড়াই উৎরাই দেখা গিয়েছে। কিন্তু স্পষ্টভাবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এবারের দুই সেরা টিম, ফর্মের দিক থেকে এবং খেলোয়াড়গত দিক থেকে।”
এছাড়া কলকাতা নাইট রাইডার্সকেও প্লে অফসে রাখছেন আগরকার। এই নিয়ে তিনি বলেছেন, “আমার মতে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়টা বোনাস ছিল কলকাতা নাইট রাইডার্সের জন্য। ওরাই আমার তৃতীয় টিম।”





