আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণে খেলতে দেখা যাবে না চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। রায়নার হঠাৎ দেশে ফেরার ঘটনা সবাইকেই অবাক করেছিল। এবার সেই বিষয়ে বিস্ফোরক দাবি করলেন চেন্নাই সুপার কিংসের মালিক এবং বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। ২১ আগস্ট দুবাইয়ে সিএসকে ম্যানেজমেন্টের কাছ থেকে রায়না যে হোটেল রুমটি পেয়েছিলেন তা নিয়ে অখুশি ছিলেন তিনি।
সেই ঘটনায়ই প্রকাশ্যে আনলেন শ্রীনিবাসন। রায়নার ঘরে ‘যথাযথ ব্যালকনি’ ছিল না বলেই অসন্তুষ্ট বোধ করেন তিনি। শ্রীনিবাসন বলেছেন, “আমার ভাবনাচিন্তা হল, তুমি যদি অনিচ্ছুক বা অখুশি হও, তাহলে ফিরে যাও। কাউকে কোনও কিছু করার জন্য আমি জোর দিইনি…কখনও কখনও সাফল্যে মাথা ঘুরে যায়।” তবে সে যাই ঘটনাই হোক, রায়নার দলে না থাকায় ভুগতে হবে সিএসকে দলকেই। রায়নার মতো আইপিএলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান খুঁজে পাওয়া মুশকিল।
শ্রীনিবাসন আরও বলেছেন, “মরসুম এখনও শুরু হয়নি এবং রায়না অবশ্যই অনুধাবন করবে যে তিনি কী হারিয়েছেন এবং অবশ্যই সমস্ত অর্থ, প্রতি মরসুমে ১১ কোটি বেতন হারাতে চলেছেন। ক্রিকেটাররা হলেন ওপেরার প্রধান গায়িকার মতো..পুরনো দিনের মেজাজি অভিনেতাদের মতো। চেন্নাই সুপার কিংস বরাবরই একটি পরিবারের মতো এবং সব সিনিয়র খেলোয়াড়রাই একসঙ্গে থাকা শিখে গিয়েছেন।”





