আসন্ন হাইভোল্টেজ টেস্ট সিরিজে নামার আগে এই প্রস্তুতি ম্যাচে ভালো করার লক্ষ্যে ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু অত্যন্ত খারাপ ব্যাটিং পারফর্মেন্সের পরিচয় দেখিয়ে কোনওরকমে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ড্র করল টিম ইন্ডিয়া। আর এই ড্রয়ের কৃতিত্ব যায় ঋদ্ধিমান সাহার দুরন্ত ইনিংসে।
শুরুতে ব্যাট করে অজিঙ্ক রাহানের দুর্দান্ত শতরান ও চেতেশ্বর পুজারার অর্ধশতরানের উপর ভর করে ভারত তুলেছিল ২৪৭/৯, এই স্কোরেই তারা ডিক্লেয়ার জানিয়ে দেয়। তবে শুভমন গিল, পৃথ্বী শ এবং ঋদ্ধিমান সাহা আউট হন শূন্য রানে। জবাবে তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দারুণ শতরানের জেরে ভারতের রান টপকে ৩০৬ করে অস্ট্রেলিয়া এ দল। মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব বেশ ভালো বোলিং করেন ভারতের হয়ে, দুজনেই তিনটি করে উইকেট নেন।
এরপর আবারও বড়সড় ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই ৩০ রানের গন্ডি পেরোতে পারেননি। কিন্তু এরপর আসরে নামেন ঋদ্ধিমান সাহা। ১০০ বলে প্রত্যয়ী ৫৪ রানের ইনিংস খেলে ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়ে আনেন ঋদ্ধি। আর এর জেরে ১৮৯/৯ তে ডিক্লেয়ার করে ভারত। শেষ ইনিংসে মাত্র এক উইকেটের পতনে ৫২ রান তোলে অস্ট্রেলিয়া এ। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচটিকে ড্র হিসেবে ঘোষিত করা হয়েছে।





