ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিডনিতে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত বেশ খারাপ অবস্থায় রয়েছে। ম্যাচের চতুর্থ দিন ক্যাঙ্গারুরা তাদের দ্বিতীয় ইনিংস ৩১২ রানে ডিক্লেয়ার করে। ভারতকে ৪০৭ রানের একটি অত্যন্ত কঠিন লক্ষ্য দিয়েছে অসিরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন তিনজনেই অর্ধশতরান করেন। এই তিন ব্যাটসম্যান ভারতীয় বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
এই ইনিংসে ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাহ ভারতের হয়ে একটি উইকেট পেয়েছিলেন। তবে ভারতীয় ফিল্ডিং বেশ খারাপ হয়েছে, প্রচুর মিসফিল্ড হয়েছে। সুযোগ নষ্ট করায় বুমরাহ হতাশা বোধ করছিলেন এবং হতাশায় তিনি এমন কিছু করে বসেন যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ ৫১ এবং ক্যামেরন গ্রিন ১৭ রানে ব্যাট করছিলেন। এই সময় অস্ট্রেলিয়ায় ২৫৯ রানে ছিল।
এই সময়ে স্টিভ স্মিথকে আউট করার জন্য বুমরাহ যথাসাধ্য চেষ্টা করছিলেন, কিন্তু সে সময় তিনি উইকেট পাননি। রানআপের জন্য ফিরে আসার সময় তিনি ক্রুদ্ধভাবে নন স্ট্রাইকার প্রান্তের স্টাম্পের বেল ফেলে দেন। সেই সময় আম্পায়ার পল রিফিল, তার পাশে দাঁড়িয়েছিলেন। চতুর্থ দিনের শেষে ভারত দুই উইকেট হারিয়ে ৯৮ রান করেছে। ক্রিজে রয়েছে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। জয় থেকে এখনও ৩০৯ রান দূরে।





