স্বাধীনতা দিবসের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ও প্রাক্তন ভারত অধিনায়কের সিদ্ধান্তে হৃদয় ভঙ্গ হল বহু ক্রিকেটপ্রেমীর। ১৫ আগস্ট নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ধোনি একটি ভিডিও শেয়ার করেন লেখেন, “আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।” তবে প্রিয় ক্যাপ্টেন কুলকে শেষবারের মতো মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন তার ভক্তরা। ব্যতিক্রম নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
তিনি বিসিসিআই-এর কাছে ধোনির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছেন। ধোনির অবসরের কিছুক্ষণ পরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ট্যুইট করে লেখেন, “আমরা আর ঝাড়খণ্ডের লাল মাহি খেলতে দেখতে পাব না। আমার মনে হয়, আমাদের মাহির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা উচিত। ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করব। ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করব। যার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। দেশবাসীর হৃদয় এখনও পূর্ণ হয়নি।”
২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর ভারতের সিরিজের দল নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ধোনি। তারপর থেকে ধোনির অবসর নিয়ে নানান জল্পনা চলছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সংযুক্ত আরব আমিরশাহিতে আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি। তবুও সবকিছুকে ছাপিয়ে নীল জার্সিতেই ধোনিকে একবার দেখতে চায় তার ভক্তরা।





