আজ সিডনিতে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে টি২০ সিরিজে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে জেতার পর এভাবে ভারত কামব্যাক করেছে, তা ভাবতেও হয়ত পারেনি অসিরা। আপাতত আরও একটি ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু তার আগেই বড় ধাক্কা পেল অসি শিবির।
শেষ টি২০ ম্যাচের জন্য বেরিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় টি২০ ম্যাচেও শেষ মুহুর্তে নিজেকে সরিয়ে নেন দল থেকে। বাঁ হাতি এই পেসারের পরিবর্তে জাতীয় দলের হয়ে অভিষেক করেন বাঁ হাতি আর এক পেসার ড্যানিয়েল স্যামস।
কিন্তু কি কারণে হঠাত এই বিদায়? মিচেল স্টার্কের পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে মিচেল স্টার্ক জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়েছেন, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই বার্তা রেখেছেন অস্ট্রেলিয়া হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। যার ফলে ক্যানবেরা থেকে যখন সিডনিতে আসে অস্ট্রেলিয়া দল, তখন সিডনিতে নিজের বাড়িতে ফিরে যান স্টার্ক। তবে অ্যাডিলেডে প্রথম টেস্টের আগে ফিরে আসবেন স্টার্ক, এমনটাই জানিয়েছেন ল্যাঙ্গার।





