ভারতীয় দল এইবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জমিয়ে লড়াই করছে। কিন্তু সিরিজে বেশ কিছু বিতর্ক উঠে এসেছে, তার মধ্যে অন্যতম হল বর্ণবিদ্বেষী মন্তব্য। সিডনি থেকে ব্রিসবেন, বর্ণবিদ্বেষের শিকার টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। সিডনি টেস্ট ম্যাচের তৃতীয় দিন গ্যালারির দর্শকদের দ্বারা ভারতীয় দলের পেস বোলার মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার বিষয়টি প্রকাশ্যে এসেছিল।
তবে ক্রিকেটার ছাড়াও গ্যালারির দর্শকরাও শিকার বর্ণবিদ্বেষের। ভারতীয় সমর্থকদেরও টিটকিরি করা হচ্ছে। এরই মধ্যে সিডনি ম্যাচের শেষ দিন একজন ভারতীয় সমর্থককে দেখা যায় চারটি ব্যানার হাতে নিয়ে প্রবেশ করতে। কৃষ্ণা কুমার নামের ওই সমর্থককে তখনই আটকে দেয় সিডনির নিরাপত্তারক্ষীরা।
তাকে নাকি বলা হয় বর্ণবিদ্বেষ নিয়ে প্রতিবাদ করতে হলে ভারতে যান। ব্যানার ছাড়া ঢুকতে বলা হলেও তিনি প্রবেশ করতে চাননি মাঠে। জানা গিয়েছে, কৃষ্ণা কুমার মাঠে থাকা নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।





