অ্যাডিলেডে দিন রাতের টেস্টের জন্য ভারতীয় একাদশে উইকেটকিপার কে হবেন, সে নিয়ে চলছিল দীর্ঘ জল্পনা। কিন্তু স্রেফ উইকেটকিপিং স্কিলের জন্য ঋষভ পন্থকে টপকে জায়গা পান বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আর এমন সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
আর সেরকমই, অবাক হয়েছেন খোদ অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং, আর সেখানে ঋষভ পন্থকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। ফলে তিনি জানেন, কতটা ক্ষমতা রয়েছে ঋষভের। আর তাই ঋষভকে জাতীয় দলের এক্স ফ্যাক্টর হিসেব উদ্ধৃত করেন পন্টিং।
এই নিয়ে পন্টিং ধারাভাষ্যে বলেন, “আমি হতবাক (ঋষভ পন্থকে প্রথম একাদশে না নেওয়া নিয়ে)। আমার মনে হয় উনি একজন অসাধারণ তরুণ খেলোয়াড়, ব্যাট হাতে এক্স ফ্যাক্টর রয়েছে ওনার মধ্যে। হয়ত, উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহার মত ভালো নয়, আর সেই কারণেই ওনাকে দলে নেওয়া হয়নি।”






