প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে গুটিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে একমাত্র মার্নাস লাবুশানে এবং টিম পেইন ছাড়া বাকি অসি ব্যাটসম্যানরা উড়ে গিয়েছেন। কিন্তু দিনের হাইলাইট হয়ে থাকবে ক্যামেরন গ্রিনকে আউট করার জন্য বিরাট কোহলির দুর্দান্ত সেই ক্যাচ।
১১ রানে সেই সময় ব্যাট করছিলেন নবাগত অসি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। রবিচন্দ্রন অশ্বিন একটি শর্ট ডেলিভারি দেন, যেটি স্বাচ্ছন্দের সাথে পুল মারেন গ্রিন। আর সেই সময়ে মিড উইকেটে দাঁড়ানো বিরাট কোহলি নিজের শরীরকে ডানদিকে ছুঁড়ে দিয়ে দু হাতে ঐ বলটি ক্যাচ করেন।
কিন্তু ক্যাচ ধরার পর বেশ অনন্য সেলিব্রেশন করেন ভারতীয় দলের অধিনায়ক। ক্যাচ ধরার পর নিজের হাত দুটিকে তুলে দর্শকদের দিকে তাকান কোহলি। এরপর কোহলি নিজের টুপি খুলে অ্যাডিলেড ওভালে উপস্থিত সকল দর্শকের উদ্দেশ্যে নাড়াতে থাকেন। আর সেই সেলিব্রেশনে উচ্ছাস প্রকাশ করেন দর্শকরা।





