আইপিএল ২০২০ সালের বহু প্রতীক্ষিত শিডিউল অর্থাৎ ম্যাচের সময়সীমা শুক্রবার প্রকাশিত হবে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এমনটাই জানিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত বিবরণী বাছাইয়ের পরে শুক্রবার ৪ সেপ্টেম্বর বোর্ড নির্ধারিত সময়সূচীর তালিকা প্রকাশ করতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল ২০২০-এর সূচী এখনও প্রকাশ করেনি বোর্ড।, যার জন্য আগ্রহী হয়ে রয়েছেন আইপিএল ফ্যানেরা।
সৌরভ জানিয়েছেন, “আমরা বুঝতে পারছি শিডিউল দিতে বিলম্বিত হচ্ছে। এটি প্রায় ফাইনাল হওয়ার পথে এবং শুক্রবারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।” সব কিছু ঠিকঠাক হওয়ার পর আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল শুক্রবার দুবাইয়ে তালিকা প্রকাশ করবেন। যদিও পুরো শিডিউলটি প্রকাশিত হবে নাকি তার কিছু অংশ প্রকাশিত হবে তা এখনও জানা যায়নি।
চিন্তার বিষয় ছিল হঠাৎই আইপিএলে করোনার হানা দেওয়ায়। চেন্নাই সুপার কিংস দলের দু’জন ক্রিকেটার সহ প্রায় ১৩ জন সদস্যের কোভিড- ১৯ পজিটিভ পরীক্ষার খবর পাওয়া গিয়েছিল। সেই কারণেই সূচী প্রকাশ করতে দেরি করছিল বোর্ড। যদিও স্বস্তির খবর হল সোমবার ফ্র্যাঞ্চাইজির সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা যায়। আর মঙ্গলবার সেই পরীক্ষায় প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ আসে।





