ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে মেলবোর্নে। টেস্টের প্রথম দিনেই ভারতীয় দল আধিপত্য বিস্তার করেছে। টস হেরেও প্রথম দিনই অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও চাপে রেখেছে ভারত। অনেক প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানের অধিনায়কত্ব দেখে মুগ্ধ হয়েছেন। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মাঠে অজিঙ্ক রাহানের ফিল্ডিং সাজানো দেখে খুব মুগ্ধ হয়েছেন। তবে তিনি বলেছেন যে, রাহানের প্রশংসা করা থেকে দূরে থাকবেন কারণ এত দ্রুত মন্তব্য করা ঠিন নয় এবং তিনি চাইছেন না যে তার উপর মুম্বইয়ের সতীর্থের প্রশংসা করার অভিযোগ উঠুক।
অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন রাহানে। ভারতের বোলিং আক্রমণকে ভাল ব্যবহার করলেন তিনি এবং দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভারত অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৫ রানে অলআউট করে দেয়। রাহানের অধিনায়কত্ব সম্পর্কে প্রশ্ন করলে গাভাস্কার বলেন, “এত তাড়াতাড়ি সিদ্ধান্তে আসা উচিত নয়। যদি আমি বলি যে তার অধিনায়কত্ব দুর্দান্ত, তবে আমার বিরুদ্ধে মুম্বই খেলোয়াড়কে সমর্থন করার অভিযোগ তোলা হবে এবং একই রকম ঘটনা ঘটবে। সুতরাং আমি এই বিতর্কে প্রবেশ করতে চাই না কারণ রাহানের জন্য এখন কেবল শুরু।”
গাভাস্কার আরও বলেন, “আমি যা দেখেছি যে তিনি শেষ দুটি টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক ছিলেন, ফিল্ডারদের কোথায় রাখা উচিত, সে সম্পর্কে ভাল ধারণা রয়েছে। তবে এটা বলতে হয় যে, ফিল্ডিং অনুযায়ী বোলারদের বোলিং করাও গুরুত্বপূর্ণ। বোলাররা যদি ফিল্ডিং অনুযায়ী বোলিং করেন যেমনটি আজ ঘটেছিল, তবে অধিনায়কত্ব খুব ভাল দেখায়।”





