১৯৯৭ সালে মাত্র ৭ বছর বয়সে একটি ট্রেন দুর্ঘটনায় তাঁর বাঁ পা’টি হারিয়েছিলেন। সেই পা নিয়েই গোটা মাঠ কাঁপিয়েছিলেন তিনি। একসময় তাঁর হাত দিয়েই ব্যাটে ঝড় উঠতো। হুইলচেয়ারে বসে বসেই মারতেন মহেন্দ্র সিং ধোনির মতো হেলিকপ্টার শট। এখন তাঁকে টোটো চালিয়ে সংসার চালাতে হচ্ছে। এতক্ষন যার কথা বললাম তিনি হলেন রাজা বাবু।
দিল্লি এবং উত্তরপ্রদেশের মধ্যে বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রিকেটারদের একটি ম্যাচ আয়োজন করা হয়েছিল ২০১৭ সালে। সেই ম্যাচে মাত্র ২০ বলে ৬৭ রান করেছিলেন তিনি। দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচে রাজা বাবুর ব্যাটিংয়ের দৌলতেই উত্তরপ্রদেশ জয়লাভ করে। উল্লেখ্য, বোর্ড অফ ডিসেবলড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (BCDA) অধীনস্থ উত্তরপ্রদেশ ক্রিকেট দলের অধিনায়কও একসময় ছিলেন এই রাজা বাবু।
রাজা বাবুর এমন ব্যাটিং দেখার পর দর্শক উচ্ছ্বসিত হয়ে ওঠেন। স্থানীয় ব্যবসায়ীরা খুশি হয়ে তাঁকে একটি টোটো উপহার দেন। তিনি হয়তো তখনও জানতেন না তাকে ওই টোটো চালিয়েই সংসারের মুখে খাবার তুলে দিতে হবে। ২০২০ সালে আচমকা একদিন প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য গঠিত চ্যারিটেবল সংস্থা ভেঙে দেওয়া হয়। আর মাথায় আকাশ ভেঙে পড়ে রাজা বাবুর। বর্তমানে টোটো চালিয়েই জীবনযাপন করছেন তিনি।
রাজা বাবু জানান, যে সংসারকে আর্থিক সংকটের হাত থেকে বের করে আনার জন্য একটা সময় তিনি গাজিয়াবাদের রাস্তায় রাস্তায় দুধ বিক্রি করতে করেছেন। তাঁর কথায়, পেশাদার ক্রিকেট খেলতে না পারার কারণে তাঁর পক্ষে আর সংসার চালানো সম্ভব হচ্ছিল না। সেকারণে তাঁকে টোটো চালিয়েই সংসারে খাবার তুলে দিতে হচ্ছে।





