আজ, ১১ই এপ্রিল। আজ থেকে আইপিএলের চতুর্দশ সংস্করণে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের জয়যাত্রা। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ।
এবারের আইপিএলে অইন মর্গ্যানের নেতৃত্বে মাঠে নামবে শাহরুখ খানের দল। ট্রফি জিততে মরিয়া নাইটরা। ২০১৪ সালে শেষবারের মতো আইপিএলের ট্রফি ঘরে আনে নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কলকাতা। এরপর সেভাবে আর সাফল্য আসেনি কেকেআর-এর ভাগ্যে। গতবছরই নাইট রাইডার্সের অধিনায়কত্ব ত্যাগ করেন দীনেশ কার্ত্তিক। এরপর অধিনায়ক হন মর্গ্যান।
হিসেব বলছে, গত ১৩ বছরে হায়দ্রাবাদের সঙ্গে মোট ১৯টি ম্যাচ খেলেছে কেকেআর। এর মধ্যে কলকাতার জয়ী হয়েছে ১২ বার ও হায়দ্রাবাদের কাছে জয় গিয়েছে ৭ বার। অর্থাৎ, ৭ বার হায়দ্রাবাদের কাছে নাস্তানবুদ হয়েছে নাইটরা। এই ১৩ বছরে ১৯টি ম্যাচের মধ্যে কলকাতার সর্বোচ্চ রান ১৮৩ ও সর্বনিম্ন রান ১০১। একইভাবে, হায়দ্রাবাদের সর্বোচ্চ রান ২০৯ ও সর্বনিম্ন রান ১২৮।
আজ ফের মুখোমুখি নাইট রাইডার্স ও সানরাইজার্সরা। এবার দেখার পালা আজকের ম্যাচে কোন দল ফের জয়ের মুকুট ছিনিয়ে নেবে। কলকাতার জয়ের সংখ্যা কী ১২ থেকে ১৩-তে পৌঁছবে? এখন সেটাই দেখার।






