এতোদিন ধরে নিশ্চুপ ছিলেন কোয়েস ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। নয়া মরশুমে পাশের ক্লাব মোহনবাগানে একের পর এক ফুটবলার সই করানো হতে থাকলেও কিছুই খবর মিলছিলোনা লাল হলুদের তরফে৷ আর তা নিয়ে যথেষ্ট চিন্তিতও ছিলেন লাল হলুদ সমর্থকেরা। তবে অবশেষে সেই চিন্তার অবসান ঘটেছে। গতকাই লাল হলুদের তরফে ঘোষণা করা হয়েছে লাল হলুদ সমর্থকদের জন্য দুটি আনন্দদায়ক খবর।
প্রথমেই কোয়েস ইস্টবেঙ্গলের তরফ হতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানানো হয় যে, লাল হলুদের ফিজিক্যাল ট্রেনার তথা কোচ আলেজান্দ্রোর সহযোগী কোচ কার্লোস নোদারের সঙ্গে আরও ২ বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে কোয়েস ইস্টবেঙ্গল। গত মরশুমে লাল হলুদ আসার পর আলেজান্দ্রোর পাশাপাশি নোদারের হাত ধরেই লাল হলুদ বাহিনীতে পরিবর্তন এসেছিল। আই লিগ যথেষ্ট সাফল্য পেয়েছিল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের জবি, কাশিমদের মতো ফুটবলারদের ফিটনেসের পেছনে যার কৃতিত্ব সবচেয়ে বেশি ছিল তিনিই কার্লোস নোদার৷ আর তাই তাকে আরও ২ বছর লাল হলুদে রাখার সিদ্ধান্ত নিলো কোয়েস ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।





