আগামী সপ্তাহেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা মোহনবাগানকে, সম্ভাবনা ফেডারেশনের

এএফসি ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে দিয়েছে মোহনবাগানকে। ফিফার তরফেও জানানো হয়েছে, নিজেদের লিগ নিয়ে যে কোনও সিদ্ধান্ত ফেডারেশন নিতেই পারে। সব থেকে উল্লেখযোগ্য বিশ্বের অন্য কোনও লিগে এই পরিস্থিতি নেই, যেখানে মোহনবাগানের মতো কোনও ক্লাব ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে রয়েছে। তবু তড়িঘড়ি মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা না করে, সব দিক আটঘাট বেঁধে লিগ চ্যাম্পিয়নশিপের ফয়সালা করতে চাইছেন ফেডারেশন কর্তারা।

এর পিছনে কারণ একটাই, ইস্টবেঙ্গলের প্রবল আপত্তি। লাল-হলুদ শিবিরের মুখে বাংলায় আই লিগ ফিরে আসার কথা বললেও, চ্যাম্পিয়ন হওয়ার পরেও মোহনবাগান যাতে সরকারিভাবে চ্যাম্পিয়ন না হয়, তার জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। এএফসিকে চিঠি দিয়ে নিজেদের আপত্তি জানানো ছাড়াও মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ আটকানোর জন্য নানারকম ফন্দি করছে ইস্টবেঙ্গল, এমনই অভিযোগ মোহন কর্তাদের।

লাল-হলুদের অভিযোগের পর ফেডারেশন কর্তারাও বুঝে শুনে পা ফেলছেন। পুরো পরিস্থিতি বুঝে নিয়ে ধীরে ধীরে এগোতে চাইছেন। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হবে, আই লিগের বাকি ম্যাচ হবে কি না তা নিয়ে। আর তাই জন্যই শনিবার লিগ কমিটির মিটিং ডাকা হয়েছে। যা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আপাতত লিগ কমিটির সদস্যদের হাতে বিমান চলাচল, হোটেল খোলা, স্টেডিয়াম তৈরি করা নিয়ে যা যা তথ্য এসেছে, তাতে এই মরশুমে লিগ চালানো অসম্ভব। তাই এই মরশুমের লিগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্রবল।

এরপরেই আসবে লিগ চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা নিয়ে সিদ্ধান্ত। যার দায়িত্ব লিগ কমিটি নিজেদের এক্তিয়ারে না রেখে পাঠিয়ে দিতে পারে এমার্জেন কমিটির কাছে। যার সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা সোমবার বা মঙ্গলবার।

RELATED Articles

Leave a Comment