আইলিগের তালিকায় এখনও নাম রয়েছে ইস্টবেঙ্গলের! আইএসএল খেলা নিয়ে ফের গুঞ্জন শুরু সমর্থকদের

ময়দানে এখন একটা প্রশ্নই ঘোরাফেরা করছে। সেটা হল ইস্টবেঙ্গল কি আইএসএল খেলবে? গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণপুরুষ পল্টু দাসের জন্মদিন উপলক্ষ্যে ক্রীড়াদিবস অনুষ্ঠানেও এই আইএসএল নিয়েই কথা শোনা গিয়েছিল। এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে আইলিগ নিয়ে। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেদের বিবৃতিতে জানিয়েছিল আগামী মরশুমের আইলিগ ১২ দলের হতে চলেছে। আইলিগ খেলার তালিকায় ক্লাবের নাম দেখেই আশাহত হয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ক্লাবের খবর অনুযায়ী, এফএসডিএল-এর কাছে আইএসএল খেলার সরকারিভাবে আবেদন এখনও করেনি ইস্টবেঙ্গল।

শুধু তাই নয়, সরকারিভাবে জার্সির ডিজাইনও পাঠায়নি লাল-হলুদ কর্তারা। যদিও এখন ক্লাব কর্তাদের সাথে এফএসডিএল-এর কি আলোচনা চলছে তার কিছুই প্রকাশ্যে আসেনি। তাই মনে করা হচ্ছে এখনও সময় রয়েছে ইস্টবেঙ্গলের। হাল ছাড়েননি হয়তো ক্লাবকর্তারাও। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে। সেই সঙ্গে আইএসএল খেলার দিকে তাকিয়ে সমর্থকেরাও। যতই হোক মোহন বাগান-ইস্টবেঙ্গল লড়াই না থাকলে কি আর বাংলার ফুটবলের লড়াই জমে?

যদিও এখনও আইলিগের দল হিসেবেই রেজিস্টার্ড রয়েছে ইস্টবেঙ্গল। আর তার জেরেই ফেডারেশন আইলিগের দলের সংখ্যা ১২ বলেছে। তবে ইস্টবেঙ্গল কর্তারা সব কিছু ঠিকঠাক করতে পারলেই এফএসডিএল-এর তরফে আইএসএল-এর জন্য রেজিস্টার্ড হবে ইস্টবেঙ্গল। সেদিন আইলিগ খেলা দলের তালিকায় আর নাম থাকবে না ইস্টবেঙ্গলের।

RELATED Articles

Leave a Comment