দেশে করোনার প্রাদুর্ভাব দিনে দিনে বেড়েই চলেছে। প্রায় রোজ নতুন নতুন রেকর্ড গড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বহু মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। কিন্তু সামগ্রিক অবস্থার উন্নতি বিশেষ হচ্ছে না। অন্যদিকে এর মাঝেই নতুন ফুটবলের মরশুম নিয়ে ইঙ্গিত দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। তবে এবারের টুর্নামেন্ট হলে হয়তো বিদেশি খেলোয়াড়দের তাতে দেখা যেতে নাও পারে এমনই ইঙ্গিত দিলেন কুশল দাস।
কুশল দাস জানান, “করোনার জন্য যদি ভারত সরকার বিদেশি ফুটবলারদের খেলানোর অনুমতি না দেন, তাহলেও টুর্নামেন্ট হবে। তবে সে ক্ষেত্রে দেশীয় ফুটবলারদের নিয়েই মাঠে নামতে হবে দলগুলোকে।” ফেডারেশন সচিবের কথাতে একটা বিষয় স্পষ্ট এবছর আই লিগ এবং আইএসএল অনুষ্ঠিত হতে চলেছে।
এবার আই লিগ এবং আইএসএল সিঙ্গেল ভেন্যুতে হওয়ার সম্ভাবনা। আর তাই নির্দিষ্ট কোনও একটি ভেন্যুকেই বেছে নেওয়ার কথা ভাবছে ফেডারেশন। আইএসএল-এর সম্ভাব্য ম্যাচ হতে পারে গোয়ায় আর আই লিগের ম্যাচ হওয়ার সম্ভাবনা কলকাতায়। তবে কোন কিছুই এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। তবে নভেম্বরে এই বছরের আইএসএল ও আই লিগ শুরু হতে পারে।
প্রসঙ্গত, দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়েই শুরু হবে এই বছরের ফুটবল মরশুম। করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছিল দ্বিতীয় ডিভিশন আই লিগ ম্যাচ। সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ।





