গত ২৫ নভেম্বর একটি দুঃসংবাদে স্তব্ধ হয়ে যায় গোটা ক্রীড়াজগত। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। আর এই খবরে শোকে বিহ্বল হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এমন কোনও মানুষ নেই, যিনি দিয়েগো মারাদোনার নাম জানতেন না।
আর মারাদোনার স্মৃতি ছড়িয়ে রয়েছে আমাদের এই শহর কলকাতায়। ২০০৮ এবং গত কয়েক বছর আগে কলকাতায় এসে নিজের জাদু দেখিয়েছিলেন মারাদোনা। আর এবার, ফুটবলের ঈশ্বরকে শ্রদ্ধা জানাতে কলকাতায় গড়ে উঠছে মারাদোনাকে নিয়ে আস্ত একটি মিউজিয়াম। তবে শুধু কলকাতা নয়, কেরালাও রয়েছে এই মিউজিয়াম বানানোর তালিকায়।
এই মিউজিয়াম বানানোর উদ্যোগ নিয়েছেন ববি চেম্মানুর ইন্টারন্যাশনাল গ্রুপ। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হবে ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার বিখ্যাত হ্যান্ড অফ গড। সেই মুহুর্তটি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এই মিউজিয়ামে কিংবদন্তি মারাদোনার সোনার মূর্তি বসানো হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান ববি চেম্মানুর।





