বাঁ হাত ঘুরিয়ে বাউন্ডারি পার বা ছক্কা, সবেতেই দাদার জুড়ি মেলা ভার। ভারতীয় ক্রিকেট দলের যখন ভরাডুবি অবস্থা, সেই সময় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে দলকে দাঁড় করিয়েছেন তিনি। তাঁর আমলে বিশ্বকাপ ঘরে না এলেও ফাইনাল পর্যন্ত দলকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছেন ‘দাদা’ই।
জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সেই শো এক অন্য মাত্রা পেয়েছে। এই শো-তেই প্রতিযোগীদের সঙ্গে খেলার মাঝে মাঝেই নানান গল্প-আড্ডায় মাতেন সৌরভ। প্রতিযোগীরা তাঁকে মজার মজার প্রশ্ন করে একটু বিপাকে ফেলার চেষ্টা করলেও, সব প্রশ্নকেই বাপি বাড়ি যা বলে উড়িয়ে মোক্ষম জবাবও দেন দাদা।
‘দাদাগিরি’র মঞ্চ মানেই খেলা তো বটেই, সেই সঙ্গে গান, আড্ডা, নাচেরও আসর। আর এই মঞ্চেই এবার নিজের আরও এক দারুণ ট্যালেন্ট দেখালেন সকলের প্রিয় দাদা। নিজের সেই প্রতিভার ভিডিও আবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছেন সৌরভ। আর তা দেখে মুগ্ধ নেটিজেনরা।
কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?
ভিডিওটি দেখলেই বোঝা যাবে, তা দাদাগিরির মঞ্চের। ‘বিহাইন্ড দ্য সিন্স’ একটি ভিডিও ক্লিপ তুলে ধরেছেন সৌরভ। তাতে তাঁকে দেখা যাচ্ছে ফুটবল পায়ে নিয়ে দারুণ খেল দেখাতে। আগামী পর্বে হয়ত কোনও মহিলা ফুটবলারকে দেখা যাবে দাদাগিরির মঞ্চে। সেই পর্বের শুটিংয়েই তোলা এই ভিডিও।
সৌরভের ক্রিকেট প্রতিভার বিষয়ে আলাদা করে বোলার কিছু নেই। তবে তিনি বেশ ভালোই ফুটবলও রপ্ত করেছেন, তা তাঁর পায়ে বল নাচানো দেখেই স্পষ্ট। এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। নিজের প্রিয় দাদাকে ফুটবল নিয়ে খেলতে দেখে অভিভূত নেটবাসীরা। নানান মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে উঠেছে সৌরভের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স।
প্রসঙ্গত, অ্যাটলেটিকো দে কলকাতা (এটিকে) ফুটবল ক্লাবের মালিকানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইন্ডিয়ান সুপার লিগ-এ অংশ নেয় তাঁর দল। সৌরভ ছাড়াও এটিকে-র মালিকানা রয়েছে হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা ও উৎসব পারেখের হাতেও।






