‘মানুষের ভোটেই জিতে ফিরবে’, সাংসদ পদ থেকে বহিষ্কৃত হওয়া বিতর্কিত মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

সাংসদ পদ থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। সেই নিয়ে আইনি লড়াই এখনও অব্যাহত। এমন আবহে তাঁর পাশে যে তাঁর দল রয়েছে, সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ফের একবার মহুয়া মৈত্রকে পাশে নিয়ে তেমনটাই বার্তা দিলেন তিনি। বলেই দিলেন মানুষের ভোটেই জিতবেন মহুয়া অর্থাৎ মহুয়া যে লোকসভা ভোটের টিকিট পাচ্ছেন, তা একেবারে নিশ্চিত।

কী ঘটেছে ঘটনাটি?

আজ, বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে সরকারি কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনের এই মঞ্চে হাজির ছিলেন নদিয়ার জেলা তৃণমূল তৃণমূল সভাপতি মহুয়া মৈত্রও। তাঁর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে এদিন ফের একবার বিজেপিকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, মহুয়া মানুষের কথা বলেছিল বলেই ওঁকে তাড়ানো হয়েছে।

এদিন মহুয়া পাশে থাকার বার্তা দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন যে মহুয়াকে যতই তাড়িয়ে দেওয়া হোক না কেন, তিনি মানুষের ভোটে ঠিকই জিতে ফিরবেন। মমতা এদিন বলেন, “সবাই চোর নয়, মহুয়া মানুষের কাজ করছিলেন”। এদিনের মমতার এহেন মন্তব্য থেকে এটা স্পষ্ট যে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ফের মহুয়া মৈত্রকেই প্রার্থী করতে চলেছেন মমতা।

এর আগেও মহুয়াকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যেভাবে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে বহিষ্কার করা হল, তাতে স্পষ্ট যে বিজেপি রাজনৈতিকভাবে লড়তে পারে না। তাই প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিল। আমি এর তীব্র ধিক্কার জানাচ্ছি। মহুয়ার মতো তরুণ প্রজন্মের প্রতিনিধির বিরুদ্ধে এমন পদক্ষেপ! আমি বলছি, মহুয়া প্রতিহিংসার শিকার হয়েছে। দল ওর পাশে ছিল, আছে, থাকবে”।

কেন খারিজ হয় মহুয়ার সাংসদ পদ?

প্রসঙ্গত, ২০১৯-এ কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন মহুয়া মৈত্র। একবার নয়, একাধিকবার তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছ। সম্প্রতি, তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছিল। এথিক্স কমিটি তদন্ত করে এই ঘটনার। এরপরই লোকসভার অধ্যক্ষ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেন। এই নিয়ে সুপ্রিম কোর্টে যান মহুয়া। সেই মামলা এখনও বিচারাধীন। এবার ফের দলনেত্রী তাঁর পাশে থাকার আশ্বাস দিলেন।  

এদিনের এই সভা থেকে মহুয়া প্রসঙ্গ বলতে গিয়ে রানাঘাটের সাংসদকেও নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন, আমার কিছু বলার নেই। মা বোনেরা ভালো করে জানেন তিনি কী, কী করে বেড়াচ্ছেন। প্লিজ, এবার কিন্তু রানাঘাটে দয়া করে আমাদের সমর্থন করবেন”।

RELATED Articles