কয়লা, গরুর পর এবার শাড়িও? শাড়ির দোকানে চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পুলিশের জালে শাসক শিবিরের নেতা

চুরি, দুর্নীতি এই নিয়ে শাসক শিবিরের অন্দরে যেন অভিযোগের অন্ত নেই। নানান চুরির দায়ে বর্তমানে জেল খাটছেন শাসক দলের একাধিক নেতা। এবার ফের চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে এবার চুরি গেল শাড়ি। আর এর জেরে পুলিশের জালে তৃণমূল নেতা।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে সবংয়ের মোহাড় এলাকায়। সূত্রের খবর, গত রবিবার ওই এলাকার একটি কাপড়ের দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার শাড়ি চুরি যায়। এই ঘটনায় সবং থানায় অভিযোগ দায়ের করেন ওই শাড়ির দোকানের মালিক। ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সবং থানার পুলিশ।

তদন্তের জেরে এই চুরির ঘটনায় নাম উঠে আসে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য লালমোহন ভুঁইয়ার। এরপরই খোঁজ শুরু হয় সেই তৃণমূল নেতার। অবশেষে গতকাল, সোমবার সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

তৃণমূল নেতার বিরুদ্ধে এই চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্যের এমন কাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে। ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আদালতে তোলা হয়েছে বলে খবর। এই ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।

কী বলছে বিজেপি?

তৃণমূল নেতার বিরুদ্ধে শাড়ি চুরির ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, “যখন মন্ত্রীরা চুরির দায়ে জেলে যাচ্ছেন তখন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তো চুনোপুটি। তারা তো চুরি করবেই”। এই ঘটনায় শাসক দলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED Articles