পথ কুকুরকে অত্যাচারের বহু ছবি প্রকাশ্যে এসেছে। এবার দিনে দুপুরে কুকুরকে পেটানোর অভিযোগ। পথ কুকুরকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি কৃষ্ণনগরের। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান কৃষ্ণনগরের বাসিন্দারা। জানা গিয়েছে, পথ কুকুরকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ অতনু দাসের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারি দাবিতে কৃষ্ণনগর শহরে কালেক্টারির মোড়ে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বেশ কিছুক্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ চলে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়া হয় পুলিশের তরফে।পুলিশের কথায় কাজ না হলে ৩ জন বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কৃষ্ণনগর পৌরসভার চাষাপাড়া এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রাস্তার পাশে শুয়ে থাকা একটি পথ কুকুরকে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা অতনু দাস ওরফে রানা। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই, ভিডিওটি সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে নিন্দার ঝড় ওঠে সমাজ মাধ্যমে। অভিযুক্ত অতনু দাসের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। অতনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায়।
সূত্রের খবর, অতনু দাস (রানা) নামের ওই ব্যক্তি এলাকায় পশুপ্রেমী হিসেবেই পরিচিত। ওই ব্যক্তি শহরের বিভিন্ন এলাকায় অসুস্থ কুকুরদের চিকিৎসা করে বলে জানা যায়। তবে পশুপ্রেমীর অমানবিক আচরণে অবাক হয়েছেন এলাকাবাসীরা।
অতনুর পরিচিতরা বলছেন, “পথ কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। অতনু তার চিকিৎসা করার চেষ্টা করলে, কুকুরটি তাকে কামড়ানোর চেষ্টা চালায়, সেই সময় নিজেকে বাঁচাতে অতনু কুকুরটিকে পিটিয়ে মারে।”
অভিযোগের পরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। তাকে গ্রেফতারের দাবিতেই রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন শহরের পশুপ্রেমী ও এলাকাবাসীরা। এই প্রসঙ্গে বিক্ষোভকারী নিশা বিশ্বাস জানান, “এটি একটি খুনের ঘটনা, মৃত কুকুরটি রেবিস আক্রান্ত ছিল বলে যে দাবি করা হচ্ছে তার সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। আমরা অবিলম্বে অপরাধীর গ্রেফতার চাই। পুলিশ অপরাধীকে গ্রেফতার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”






