ঘাটালে এবার দুই যুযুধান প্রতিপক্ষ। বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূলের দীপক অধিকারী অর্থাৎ দেব এবার মুখোমুখি। দেবকে নিয়ে অতীতেও নানান অভিযোগ তুলেছেন হিরণ। আর এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই কটাক্ষ, শানানো আরও বেড়েছে। এবার হিরণের নানান কটাক্ষের পাল্টা জবাব দিলেন দেব।
পাঁশকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দেব। সেখান থেকেই তিনি মন্তব্য করেন, “গত তিন বছরে যে আরোপগুলো আমার ওপর আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কারও কাছ থেকে আমি এক টাকাও নিইনি। যদি প্রমাণ কারও কাছে থাকে তবে ইডি সিবিআই-এর কাছে দিয়ে আসুক, আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারও এক টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি”।
দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগও উঠেছে যে নানান প্রকল্পের টাকা থেকে তিনি নাকি ৩০ শতাংশ কাটমানি নেন। সেই প্রসঙ্গে জবাব দিয়ে দেব বলেন, “আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো করার চেষ্টা করেছি, করোনার সময় সব সাংসদরা বাড়িতে ছিলেন, আমি তখন রাস্তায় ছিলাম, অ্যাম্বুলেন্স নেই কারও কাছে, অক্সিজেন নেই, তখন আমি রাস্তায় ছিলাম। মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য”।
সম্প্রতি হিরণ দাবী করেছিলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্র সরকার ২০২২ সালেই ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেই প্রকল্প শুরু হয়নি। হিরণের অভিযোগ, কেন্দ্র সরকারের টাকা থেকে কাটমানি নিতে পারবেন না দেব। সেই কারণে রাজ্য সরকার ঘাটালের মাস্টারপ্ল্যান শুরুর কথা বললে দেব রাজি হয়ে যান। এমনকি, হিরণ এও দাবী করেন, এই কারণেই দেব সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা বললেও রাজ্য সরকারের এই ঘোষণার পর ফের তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন।
হিরণের এই অভিযোগের পাল্টা দিয়ে দেব বললেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান কেন্দ্র কেন, কোনও সরকারই স্যাংশন করেনি। আর সেকথা সবাই জানে। হিরণ এত কথা বলছে, ওঁর বিরুদ্ধে আমার কাছে এত অস্ত্র রয়েছে, সেগুলো বলতে শুরু করলে, ও দাঁড়াতে পারবে না”। যদিও দেবের এই মন্তব্যের এখনও পর্যন্ত পাল্টা কোনও প্রতিক্রিয়া দেন নি হিরণ।





