ফের একবার মুখোমুখি প্রাক্তন কর্তা-গিন্নি। একই কেন্দ্র থেকে দুই দলের প্রার্থী হয়েছেন তারা। ফলত একে অপরকে শানাতে একেবারেই কসুর করছেন না কেউই। দলের তরফে সতর্ক করা হলেও মাঝেমধ্যেই ব্যক্তিগত আক্রমণ চলছেই। এবার ফের একবার সম্যক সমরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan) ও তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল।
কী ঘটেছে ঘটনাটি?
সূত্রের খবর, গতকাল, সোমবার রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাত্রসায়র থানায় বেলুট গ্রামে ঘটে একটি ঘটনা যাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাঁকুড়ার রাজনীতি সরগরম। অভিযোগ, এদিন পাত্রসায়র থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তাঁর সঙ্গে ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী।
অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থীর কনভয় আটকে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। এই হামলায় সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র ও আরও বেশ কিছু বিজেপি কর্মীরা বেশ আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। এরপরই পাত্রসায়র থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৌমিত্রের (Saumitra Khan) বিরুদ্ধে।
কী দাবী তৃণমূলের?
তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর কথায়, “এটা একটা সেটিং গল্প! প্রচার পাওয়ার জন্য সৌমিত্র নিজেই দুষ্কৃতীদের উসকে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন। এভাবে মানুষের সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন উনি”।
এরপরই বিজেপি কর্মীদের উদ্দেশে সুজাতা বলেন, “ওকে বিশ্বাস করবেন না! আপনারা যাঁরা সৌমিত্র খাঁর (Saumitra Khan) সঙ্গে ঘুরছেন, তাঁরা সাবধনা হন। না হলে ভোটের প্রচার এবং সেন্টিমেন্টের জন্য ও নিজেই কখন, কোথায় দুষ্কৃতী ফিট করে আপনাদের মার খাইয়ে দেবে বুঝতেও পারবেন না”। এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে।






