করোনা সংক্রমন রুখতে প্রথম থেকেই সচেষ্ট হয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ২৫ মার্চ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে শুরু হয়েছে লকডাউন। যার সময়সীমা ১৪ এপ্রিলে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই লকডাউনকেই একমাত্র সংক্রমন রোধের হাতিয়ার বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তাই সারা দেশ জুড়ে যখন লকডাউন নিয়ে ভাবনার কাজ চলছে তখনই দেশের এক রাজ্যে সময় সীমা বাড়িয়ে দিল।
এদিন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন, ‘রাজ্য সরকার লকডাউনকে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন চলাকালীন আপনাদের সহযোগিতা আমাদের সাহস জুগিয়েছে। এই অবস্থায় আগামিদিনেও আপনাদের সাহায্য আমরা আশা করছি।’
এদিকে, বুধবারই প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই ইঙ্গিত দিয়েছেন, যে ১৪ এপ্রিলে লকডাউন শেষ হচ্ছে না। সর্বদলীয় বৈঠকে তিনি বলেছেন, দেশে জরুরি অবস্থা তৈরি হয়েছে। তার জন্য আরও কড়া ব্যবস্থা নিতে হবে সরকারকে।
ওডিশায় এখনও অবধি ৪২ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে সুস্থ হয়েছেন ২ জন ও একজনের মৃত্যু হয়েছে।
‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত হয়েছে বুধবারের সর্বদলীয় বৈঠক থেকে লিক হয়ে যাওয়া একটি অডিও ক্লিপ। সেখানে মোদী বলছেন, ”আমি মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছি। কেউই লকডাউন তুলতে চাইছেন না।জেলাশাসকদের কাছ থেকেও ফিডব্যাক নিচ্ছি। আমি আবারও মুখ্যমন্ত্রীদের সঙ্গে সলোচনা করব। তবে যা এই মুহূর্তে লকডাউন তোলা কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে সোশ্যাল ডিসট্যান্সিং-এর জন্য আরও কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা এখন এমার্জেন্সি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তার জন্য নানান সতর্কতামূলক ব্যবস্থা আমরা নেব।” এখন লকডাউনের সময়সীমা নিয়ে কেন্দ্রের চুড়ান্ত সিন্ধান্তএর দিকে তাকিয়ে গোটা দেশ।





