পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগের বিষয়টিকে নিয়ে বারবার কটাক্ষ করেছেন বিরোধীরা। সিভিক ভলেন্টিয়ার্স এর মতো একদিন সিভিক টিচার্স,সিভিক ডাক্তার এমনকি সিভিক বিডিও নিয়োগ হবে বলে সোশ্যাল মিডিয়ায় মজার মিম ভিডিও ভাইরাল হয়েছে। রাজ্যের এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিষয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি মঙ্গলবার একটি মামলার শুনানিতে জানান ১৪ হাজার টাকার বিনিময়ে সারাদিনের জন্য কাজ করানো এ রাজ্য ছাড়া দেশের আর কোথাও হয় না।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিরোধীতায় দায়ের হওয়া এক মামলার শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি। মামলাকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম এদিন সওয়াল করেন। আদালত রাজ্যকে ভর্ৎসনার সুরে বলে যে আদালতের কোন ফাইল হারিয়ে গেলে চুক্তিভিত্তিক কর্মী তার দ্বায়িত্ব নিতে যাবেন কেন? তাহলে দ্বায়িত্ব কারা নেবেন?
আদালত আরও বলে যে যারা কয়েকঘন্টা কাজ করেন তাদের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ মেনে নেওয়া যায় কিন্তু সমস্ত নিয়োগ কেন চুক্তিভিত্তিক হবে! ১৪ হাজার টাকার বিনিময়ে সারাদিন কাজ করিয়ে নেওয়ার জন্যই কি ব্যবস্থা। দেশের আর কোথাও এই ব্যবস্থা দেখা যায় না।
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই মামলার স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনরকম স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।






