আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার পর সুপ্রিম কোর্টের নির্দেশেই সেখানে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ। তবে এবার কেন্দ্রীয় বাহিনীকে অসহযোগিতার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। সেই কারণে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে কেন্দ্র।
জানা গিয়েছেম সুপ্রিম কোর্টে কেন্দ্রের আইনজীবী অভিযোগ করেছেন, আর জি করে নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ জওয়ানদের কোনও সহযোগিতা করছে না রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তাহলে রাজ্যের উচিত তাদের সহযোগিতা করা। কিন্তু তেমনটা হচ্ছে না।
অভিযোগ, আর জি করে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এখনও পর্যন্ত উপযুক্ত বাসস্থান পান নি। আর সেক্ষেত্রে রাজ্যও কোনও সহযোগিতা করছে না। এভাবে শীর্ষ আদালতের নির্দেশকে অমান্য করছে রাজ্য, এমনটাই জানালেন কেন্দ্রের আইনজীবী আদালতে। যদিও এই বিষয়ে রাজ্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য তথা দেশ উত্তাল। এরই মধ্যে গত ১৪ আগস্ট মধ্যরাতে আর জি করে হামলা করে একদল দুষ্কৃতী। হাসপাতালের নানান বিভাগে চলে ভাঙচুর। চিকিৎসকদের উপরেও হয় হামলা।
এই ঘটনার পর আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী জানানো হয়েছিল নানান মহল থেকেই। গত ২০ আগস্ট সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে এই হামলার ঘটনায় পুলিশের উপর তীব্র ক্ষোভ জারি করেন প্রধান বিচারপতি। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশেই আর জি করে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ান। কিন্তু তাদের অসহযোগিতার অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের পরই নবান্নে বিনীত গোয়েল, পুলিশ কমিশনারের অপসারণ নিয়ে বাড়ছে জল্পনা, নতুন সিপি-র পদে কে?
এই মুহূর্তে আর জি করে মোতায়েন রয়েছে ৯২ জন সিআইএসএফ জওয়ান। এদের মধ্যে ৫৪ জন মহিলা জওয়ান। তবে আদালতের কাছে কেন্দ্রের অভিযোগ, এই জওয়ানদের উপযুক্ত বাসস্থানের বিষয়ে কোনও সহযোগিতা করছে না রাজ্য।





