আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সকলে। আজ, বুধবার ফের রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।
আর জি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন সুখেন্দুশেখর রায়। ১৪ আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করে তিনি জানিয়েছিলেন, তিনিও এই কর্মসূচিতে সামিল হতে চান। আর এবার ফের রাত দখল কর্মসূচি নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লিখলেন, “রাত দখল করো—মানুষের মৌলিক অধিকারও পুনরুদ্ধার করো যাতে সংবিধানের ২১ নম্বর ধারা মোতাবেক মানুষ মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে”।
আর জি কর কাণ্ড নিয়ে তৃণমূল সাংসদ একের পর এক যা পোস্ট কিরে চলেছেন, তাতে যে তাঁর দল বেশ বিড়ম্বনায়, তা বলাই বাহুল্য। কিন্তু দমে নেই তিনি। নানান সময় নানান বিষয় নিয়েই সরব হচ্ছেন সুখেন্দুশেখর রায়। তাঁর কথায়, তাঁর শরীরে যতক্ষণ প্রাণ রয়েছে, তিনি পাশবিক ঘটনার প্রতিবাদ করে যাবেন।
এর আগে সিবিআইকে খোলা চিঠি লিখে তিনি আবেদন জানিয়েছিলেন যাতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জেরা করা হয়। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করে সুখেন্দুশেখর লিখেছিলেন, “মিডল স্ট্যাম্প উড়ে গেল, এরপর কী?”
আরওপড়ুনঃ ‘মিথ্যে বলছেন উনি, না জানিয়ে ছবি তুলে অপপ্রচার করছেন’, কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জুনিয়র চিকিৎসকরা
তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায় আর জি কর কাণ্ড নিয়ে যেভাবে প্রতিবাদ করছেন, তাতে আপত্তি নেই দলের। কিন্তু তিনি সরকার ও দলের অস্বস্তি বাড়াচ্ছেন। আর জি করের ঘটনাকে তৃণমূলের কেউ সমর্থন করে না। দল ও সরকার চায় দোষীদের শাস্তি হোক। কিন্তু সুখেন্দুশেখর রায় যেভাবে বিদ্রোহী হয়ে উঠছেন, তাতে দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।





