আর জি করের ঘটনায় রাজ্যজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। আসল দোষীদের কঠোরতম শাস্তি দিতেই হবে, একটাই দাবী সকলের। আর জি করের ঘটনায় প্রথম থেকেই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার তাঁর দুটি পদক ফেরত নেওয়ার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’কে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীতে লালবাজার অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা। ২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর অবশেষে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁর হাতে তাঁরই পদত্যাগের ডেপুটেশন দিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা। আর এবার বিনীত গোয়েলের পাওয়া পদক ফিরিয়ে নেওয়ার দাবী জানালেন শুভেন্দু অধিকারী।
পুলিশের দক্ষতা ও কৃতিত্বের জন্য ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ ও ‘পুলিশ পদক’ দেওয়া হয়ে থাকে। ২০১৩ ও ২০২৩ সালে এই দুই সম্মানে ভূষিত হয়েছেন বিনীত গোয়েল। পদকের সঙ্গে কিছু সুবিধা ও আর্থিক পুরস্কারও পেয়েছিলেন তিনি। কিন্তু শুভেন্দুর দাবী, বিনীত গোয়েল যে গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে রয়েছেন, তিনি তার মর্যাদা রাখতে ব্যর্থ। পুলিশ পদক পাওয়ার যোগ্যতা হারিয়েছেন তিনি। সেই কারণে তাঁকে দেওয়া পদক ফিরিয়ে নেওয়ার দাবী জানালেন বিরোধী দলনেতা। যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রকের অধীনে দেশের পুলিশ বাহিনী রয়েছে। সেই কারণে রাষ্ট্রপতির পাশাপাশি অমিত শাহকেও চিঠি দিয়েছেন তিনি।
আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে আইনের ধারা উল্লেখ করে শুভেন্দু লিখেছেন, “ওই পদকের যে নির্দেশিকা, তাতে বলা আছে, পদকের প্রাপক অসততার অভিযোগে দোষী হলে অথবা কাজের ক্ষেত্রে কাপুরুষতার পরিচয় দিলে তাঁর কাছ থেকে ওই পদক প্রত্যাহার করে নেওয়া হতে পারে”।
শুভেন্দুর কথায়, “বহু সংবাদমাধ্যমের রিপোর্টে এত দিনে স্পষ্ট, কীভাবে পুলিশ কমিশনের অপরাধস্থলের তথ্য ও প্রমাণ বিকৃত করে তদন্ত প্রক্রিয়ার ক্ষতি করতে চেয়েছিলেন। তাই তিনি ওই পদক রাখার যোগ্য নন। তিনি নিজের কাজের জন্য শুধু নিজের নাম নয় কলকাতা পুলিশের ১৬৮ বছরের সুনামও ডুবিয়েছেন”।
আরও পড়ুনঃ আর জি করের সেমিনার রুম চত্বর ও পাশের ঘর ভাঙার নির্দেশ কে দিয়েছিলেন, সন্দীপ ঘোষের গ্রেফতারির পরই সামনে এল সেই প্রভাবশালীর নাম
বলে রাখি, সম্প্রতি আর জি করের ঘটনায় পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েলের ভূমিকা নিন্দনীয় বলে দাবী করেছেন শুভেন্দু। অন্যদিকে আবার এই নিয়ে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, ব্রিজভূষণ, বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে দোষীদের সঙ্গে বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিরোধী দলনেতা আগ সেসব দেখুক।






