আর জি করের তরুণী চিকিৎসকদের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য তথা দেশ উত্তাল। প্রতিবাদে সরব সকল স্তরের মানুষ। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। এরই মাঝে ছড়াল বোমাতঙ্ক তাও আবার চিকিৎসকদের ধর্না মঞ্চে। ঘটনাকে ঘিরে প্রবল শোরগোল আর জি কর চত্বরে।
গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। এরপর থেকেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর জি করের মূল ফটকের কাছেই এমার্জেন্সি ওয়ার্ডের পাশে ধর্না মঞ্চ রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবার সেই ধর্না মঞ্চেই ছড়াল বোমাতঙ্ক।
জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ওই ধর্না মঞ্চে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও সেই ব্যাগটি কেউ নিয়ে যান নি। এর ফলে সেই ব্যাগকে ঘিরে ছড়ায় আতঙ্ক। ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় ওই ব্যাগ। আদতে ব্যাগের মধ্যে কী রয়েছে, তা নিয়ে শুরু হয় শোরগোল। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তারা অনুসন্ধান করলে জানা যাবে কী রয়েছে সেই ব্যাগে।
এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। আর জি করের বাইরে এই মুহূর্তে মোতায়েন রয়েছে সিআইএসএফ বাহিনী ও পুলিশও। এমন কড়া ঘেরাটোপের মধ্যেই কীভাবে ধর্না মঞ্চে এই ব্যাগ এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। তারা ধর্না মঞ্চে নেই। ফলে ধর্না মঞ্চ ফাঁকাই রয়েছে। সেখানে এই ব্যাগকে ঘিরে সন্দেহ দানা বাঁধছে।
জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হাসপাতালে আউটপোস্ট ও টালা থানার পুলিশ। কীভাবে সেখানে ওই ব্যাগ এল, কে এই ব্যাগ সেখানে ফেলে রেখে গেল, তা জানার চেষ্টা চলছে। ওই ধর্না মঞ্চে অনেক সময় সাধারণ মানুষরাও বসেন। সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সকলকে।






