‘কালীঘাটে ডেকে মাথায় হাত বুলিয়ে ভয় দেখিয়ে আন্দোলন তোলা যাবে না…’, কালীঘাটে বৈঠকে গেলেন জুনিয়র চিকিৎসকরা, লাইভ স্ট্রিমিং হবে কী?

আজ, শনিবার বেলার দিকে আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না স্থলে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজের মতো করে জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করেন। এরপর কালীঘাটে বৈঠকের জন্য মুখ্যসচিবের তরফে চিঠি পাঠানো হয় তাদের। সেই চিঠিতে সাড়া দিয়ে কালীঘাটে গেলেন জুনিয়র চিকিৎসকরা। তবে তারা এও স্পষ্ট করে দেন যে কালীঘাটে ডেকে ভয় দেখিয়ে বা মাথায় হাত বুলিয়ে কোনওভাবেই তাদের আন্দোলন দমানো যাবে না।

আজ, শনিবার মুখ্যসচিব মনোজ পন্থের তরফে ইমেল করা হয় জুনিয়র চিকিৎসকদের। যেখানে জানানো হয় বৈঠক হবে কালীঘাটে। সেই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা বলেন, “অদ্ভূত ব্যাপার হল যে (কালীঘাটে) বৈঠক ডাকা হল। আমরা ভেবেছিলাম যে কোনও প্রশাসনিক জায়গায় বৈঠকে ডাকা হবে। সেটা স্বাস্থ্যভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের ডাকা হল কালীঘাটে – মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে”।

এরই সঙ্গে তারা এপ স্পষ্ট করে দেন, “আমরা এটাও বলতে চাই, এই যে উনি ওঁনার (মুখ্যমন্ত্রী) বাড়িতে ডেকেছেন, উনি ভেবেছিলেন যে আমরা হয়ত যাব না। আমরা ওঁনার কালীঘাটের বাড়িতে গিয়েই পাঁচ দফা দাবী কানে শুনিয়ে আসতে চাই (অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানিয়ে আসতে চান)”।

গত বৃহস্পতিবার নবান্নে বৈঠকের কথা ছিল জুনিয়র চিকিৎসক ও মুখ্যমন্ত্রীর। তবে সেদিন বৈঠকের লাইভ স্ট্রিমিং করার দাবী তুলেছিলেন চিকিৎসকরা। নবান্ন তাতে রাজি না হওয়ায় সেই বৈঠক ভেস্তে যায়। আজকের বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে কী না, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানান নি চিকিৎসকরা। তাদের দাবী। বৈঠক যাতে স্বচ্ছভাবে হয়, তা নিশ্চিত করা মুখ্যমন্ত্রীরই দায়িত্ব।

আরও পড়ুনঃ ২ দিন বাড়িতে আটকে রেখে লাগাতার ধর্ষণ তরুণীকে, মুখ বন্ধ রাখতে ৫ লক্ষ টাকার টোপ, পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কালীঘাটে পৌঁছেছেন ৩৫ জনের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। যদিও মুখ্যসচিবের তরফে পাঠানো চিঠিতে বলা ছিল, ১৫ জন যোগ দিতে পারবেন বৈঠকে। এবার সকলেই বৈঠকে যোগ দেন কী না, বৈঠকের লাইভ স্ট্রিমিং হয় কী না আর বৈঠক হলেও এর মাধ্যমে অচলাবস্থা কাটে কী না, সেটাই দেখার!    

আরও অন্যান্য খবর