আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় এই মুহূর্তে উত্তাল রাজ্য। এরই মধ্যে জয়নগর ও পটাশপুরের ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। এমন আবহে এবার সামনে এল ফের নির্যাতনের ছবি। গৃহবধূকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এমন ঘটনায় বিক্ষোভ এলাকাজুড়ে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায়। অভিযোগ, ওই এলাকায় এক গৃহবধূর গোপন ভিডিও তুলে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁকে লাগাতার ধর্ষণ করে প্রতিবেশী যুবক। এই ঘটনা নিয়ে মুখ খুললে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
নির্যাতিতা মহিলার পরিবারের দাবী, বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতে ঘুমনো অবস্থায় গৃহবধূর গোপন ভিডিও করে অভিযুক্ত প্রতিবেশী যুবক। তারপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে গৃহবধূকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে সে। কাউকে কিছু বললে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ও খুনেরও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এই ঘটনার কথা জানতে পারেন গৃহবধূর স্বামী। তিনি বাধা দিতে গেলে তাঁর গলায় ছুরি ধরে অভিযুক্ত যুবক, এমনটাই অভিযোগ। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানান গৃহবধূ ও তাঁর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, আর জি করের ঘটনা নিয়ে রাজ্য উত্তপ্ত ছিলই। আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের জন্য চলছে প্রতিবাদ-আন্দোলন। এরই মধ্যে সামনে আসে জয়নগরের এক ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন সকলেই। এরই মধ্যে আবার পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ-খুনের ঘটনাতেও উত্তাল পরিস্থিতি। এরই মধ্যে এবার সামনে এল ভাঙড়ের এই ঘটনা।
আরও পড়ুনঃ সাদা অ্যাপ্রনে রক্তের ছাপ, তিলোত্তমার যন্ত্রণার কথা জানিয়ে এবার অনন্য প্রতিবাদে সামিল জুনিয়র চিকিৎসকরা
শুরু হয়েছে দুর্গাপুজো। উৎসবে মেতেছেন সকলেই। কিন্তু এরই মধ্যে পরপর এমন সব ঘটনা ঘটছে, যার জেরে রাজ্যে মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এত ক্ষোভ, আন্দোলন করেও কেন এমন নির্যাতনের ঘটনা কমছে না বা দমানো যাচ্ছে না? এর জেরে পুলিশ-প্রশাসনের উপর ক্ষোভ বাড়ছে জনসাধারণের। পুজোর মধ্যেই বঙ্গের আবহাওয়া উত্তপ্ত!





