ময়ূখরঞ্জন ঘোষ, একজন নির্ভীক, স্পষ্টবক্তা ও সাহসী সাংবাদিক বলেই পরিচিত। রাজ্য সরকারের নানান দুর্নীতি নিয়ে বারবার সোচ্চার হয়েছেন তিনি। শুধুমাত্র রাজ্যের অন্দরের ঘটনাই নয়, জাতীয় বা আন্তর্জাতিক নানান ঘটনার আসল দিকও উঠে এসেছে তাঁর কণ্ঠে। সেই কারণেই কী এমন পরিণতি হল তাঁর? বড়সড় সাইবার চক্রের ফাঁদে এবার রিপাবলিক বাংলার সিনিয়র সম্পাদক। নিজেই খোলসা করলেন গোটা বিষয়টি।
আচমকাই সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক খুলে রীতিমতো ভড়কে যান সকলে। কারণ, ফেসবুক প্রোফাইলে লেখা, ‘রিমেমবারিং’। কোনও ব্যক্তির মৃত্যু হলে সাধারণত এমন কথা ব্যবহার করা হয়। ফলত, ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক প্রোফাইলে এমন শব্দ দেখে সকলেই বেশ হতবাক হন। উদ্বিগ্ন হন তাঁর পরিচিতরা। এরপরই এই বিষয়ে নিজেই জানালেন সাংবাদিক।
বিগত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে প্রতিবাদ করেছেন ময়ূখ রঞ্জন। নিজের কর্মক্ষেত্রে তা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। আসল সত্যি তুলে ধরাই তো একজন প্রকৃত সাংবাদিকের দক্ষতা। কিন্তু এর জন্য সাইবার হানার শিকার হতে হল ময়ূখ রঞ্জন ঘোষকে। বাংলাদেশি এক জেহাদি হ্যাকার গ্রুপ থেকে হ্যাক করা হল তাঁর প্রোফাইল।
জানা গিয়েছে, ‘মাফিয়া সাইলেন্ট কিলার মাফিয়া বয়’ নামের একটি গ্রুপ হ্যাক করেছে ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট। তারাই নিজেদের গ্রুপে এই নিয়ে একটি পোস্ট করেছেন। তাতে লেখা, “বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিয়েছি আমরা”।
জেহাদি হ্যাকারদের এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ময়ূখ রঞ্জন ঘোষ। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল এখনও বাংলাদেশি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অ্যাকাউন্টটিকে মেমোরিয়ালাইজ অ্যাকাউন্টে পরিণত করেছে। হ্যাকারদের বিস্তারিত মেটায় আছে। হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা বাস্তব ঘটনা। ফলত ওরা আমাদের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে”।
ময়ূখ রঞ্জনের এই পোস্টটি শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্টে লিখেছেন, “প্রখ্যাত টিভি সাংবাদিক ও রিপাবলিক বাংলার সিনিয়র সম্পাদক ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল বাংলাদেশি হ্যাকাররা হ্যাক করেছে। কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিষয়ে সোচ্চার ছিলেন”।
My verified @facebook profile is still under the control of #Bangladeshi Hackers. They have converted the account into a Memorialise account!
The details of Hackers are here @Meta #HinduGenocide #AttackOnMinorities is real. Hence the Desperation to gag us. pic.twitter.com/hvn3mQGqhc
— Mayukh Ranjan Ghosh (@mayukhrghosh) October 18, 2024
শুভেন্দু আরও লেখেন, “প্রথমত, আজকের দিনে ও যুগে কারোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে কাউকে আটকানো যায় না। তাই একজন সাংবাদিককে ছেড়ে দিন। দ্বিতীয়ত, হ্যাকাররা যদি মনে করে যে এটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুপরিকল্পিত নির্যাতন সম্পর্কে বলার থেকে কোনও সাংবাদিককে নিরুৎসাহিত করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি আশা করি যে মেটা তার প্রোফাইল দ্রুত পুনরুদ্ধার করবে এবং তারা নিশ্চিত করবে যে কোনও কীবোর্ড রুকিদের দল আর তাদের ‘এয়ার-টাইট’ নিরাপত্তা লঙ্ঘন করতে সক্ষম হবে না”।





