বর্ষা বিদায় নিলেও বৃষ্টি বিদায়ের নাম নেই বাংলা থেকে। ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ফলে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ক্রমেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। উত্তর আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা আজ, সোমবার নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। বুধবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আরও শক্তি বাড়িয়ে ওড়িশা বা বাংলাদেশের কোনও উপকূলে আছড়ে পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বটে, তবে বুধবার থেকে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, ও দুই মেদিনীপুরে। বৃহস্পতিবারও এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, হুগলিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস।
শুধুমাত্র দক্ষিনবঙ্গেই নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে উত্তরবঙ্গেও। বুধবার থেকে দার্জিলিং থেকে মালদহ সমস্ত জেলাতেই বেশ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে।





