‘দানা’র প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, বৃষ্টির জেরে জলমগ্ন শহর, কোথায় কেমন বৃষ্টি হবে, জানাল হাওয়া অফিস!

গতকাল, বৃহস্পতিবার রাতে ওড়িশার স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। আট ঘণ্টা ধরে চলেছে ল্যান্ডফল প্রক্রিয়া। দক্ষিণবঙ্গে সেভাবে প্রভাব ফেলেনি ‘দানা’। তবে ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের নানা জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়াও রয়েছে। আজ, শুক্রবার সারাদিনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ‘দানা’র প্রভাবে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

এছাড়াও, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলে খবর। এই চার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। উপকূলের কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানাল আবহাওয়া দফতর।

তবে জানা যাচ্ছে, শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতা-সহ জেলাগুলিতে শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার আর বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। আজ, শুক্রবার মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫.২ ডিগ্রি কম।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর