সারোগেসির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে কলকাতায় চলত শিশু পাচার চক্র, নিঃসন্তান দম্পতির থেকে নেওয়া হত ‘অর্ডার’

শিশু পাচার চক্রে সম্প্রতি ধরা পড়েছে এক দম্পতি। এবার এই চক্রে সামনে এল এক বড় তথ্য। সারোগেসির মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে এই শিশু পাচার চক্র চলত বলে অভিযোগ উঠল।

কিছুদিন আগেই আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের সন্ধান পায় সিআইডি। হাওাও শালিমার স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল এক শিশুকে। ঠাকুরপুকুরের এক দম্পতি মানিক সরকার ও মুকুল সরকার সেই শিশুটিকে বিহার থেকে হাওড়ায় নিয়ে আসে বলে জানা গিয়েছিল। সেই শিশু চক্রের অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল ওই দম্পতিকে। এবার জানা গেল এক বিস্ফোরক তথ্য।

এই শিশু পাচার চক্রের তদন্ত করছে সিআইডি। তদন্তে নেমেই আধিকারিকরা জানতে পেরেছেন, এই শিশু চক্রের সঙ্গে যোগ রয়েছে সারোগেসির। বিহারের বাসিন্দা এক মহিলা সারোগেসির মাধ্যমে ওই শিশুর জন্ম দিয়েছিলেন। ওই মহিলা ডিভোর্সী। তাঁকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করান ধৃত দম্পতি, এমনটাই অভিযোগ।

সিআইডির অনুমান, কলকাতা ও রাজ্যের নানান জেলার নিঃসন্তান দম্পতিদের থেকে এই শিশুর অর্ডার নিত ওই ধৃত দম্পতি। এরপর টাকার প্রয়োজন রয়েছে এমন কোনও মহিলাকে হাত করত তারা। সেই মহিলাকে সারোগেট মা হিসেবে ব্যবহার করে শিশুর জন্ম দেওয়ানো হত।

আরও পড়ুনঃ দুর্নীতির অন্ত নেই রাজ্যে! শিক্ষক-কয়লা অতীত, এবার লটারি দুর্নীতিতে কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, হদিশ মিলল কোটি কোটি টাকার

জানা গিয়েছে, এই গোটা প্রক্রিয়াটা চলত বিহারে। এরপর বিহার থেকে শিশু নিয়ে এসে এই রাজ্যে বিক্রি করা হত। এভাবেই এই শিশু পাচারের চক্রটি চালাচ্ছিল ওই সরকার দম্পতি প্রায় পাঁচ বছর ধরে। ধৃত মুকুল সরকার আইভিএফ সেন্টারে কাজ করত বলে খবর। এভাবে তারা গত কয়েক বছরে কত শিশু পাচার করেছে, তা জানার চেষ্টায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

RELATED Articles