বিজেপি বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদ, পুলিশকে লক্ষ্য ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের, অগ্নিগর্ভ গোটা এলাকা, কী কারণে এমন বিবাদ?

বিজেপি বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার প্রতিবাদেই পুলিশের উপর চড়াও হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল ইট। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। সব মিলিয়ে তুমুল উত্তেজনা এলাকায়।

ঘটনাটি ঘটেছে কল্যাণীর আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় ১০.২৪ একর জমিকে ডাম্পিং গ্রাউন্ড করতে চেয়েছিল পুরসভা। কিন্তু স্থানীয়দের অভিযোগ ছিল, এভাবে জনবহুল এলাকার মধ্যে ডাম্পিং গ্রাউন্ড করা হলে পরিবেশ দূষিত হবে আর সাধারণ মানুষেরও ভোগান্তি হবে।

এই ঘটনায় পুরসভাকে দোষেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তবে আজ, বৃহস্পতিবার চিহ্নিত করা জমিকে ডাম্পিং গ্রাউন্ড করার জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু করে পুরসভা। পুলিশকে সঙ্গে নিয়ে সেই পাঁচিল দেওয়ার কাজ করা হচ্ছিল বলে খবর। সেই সময় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

এই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি পুরসভার কাজে বাধা দেন। এই নিয়ে শুরু হয় বচসা। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অম্বিকা রায়-সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। আর এরপরই পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে।

বিজেপি বিধায়ককে গ্রেফতার করার প্রতিবাদ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। মোটরবাইক ও নানান জিনিসও ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। এই ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন জখম হয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ বেলডাঙায় ভাঙচুর হওয়া হিন্দু মন্দির বিজেপি বিধায়কদের বেতনের টাকায় সংস্কার করা হবে, আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী 

এমন ঘটনার জেরে রণক্ষেত্র আকার নেয় ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে বলে খবর। মোতায়েন র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।  

আরও অন্যান্য খবর