কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু, স্ত্রী-ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তে পুলিশ

ফের কলকাতায় রহস্যমৃত্যু। এবার মৃত্যু এক পুলিশকর্মীর। এই ঘটনায় মৃতের স্ত্রী-ছেলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। পুলিশকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। মৃতের নাম শঙ্কর চট্টোপাধ্যায়। আলিপুর থানায় এসআই পদে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, কিছুদিন ধরেই স্নায়ু রোগে ভুগছিলেন শঙ্করবাবু। হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণে এখন ছুটিতেই ছিলেন। বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

কিন্তু হঠাৎ আজ, শুক্রবার নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। একথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। তাদের অভিযোগ, শঙ্করবাবুর স্ত্রী ও ছেলে তাঁর উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল। এমনকি প্রৌঢ় ওই পুলিশকর্মীকে মারধরও করত মা-ছেলে, এমনটাই অভিযোগ। রাস্তায় ফেলেও মারা হয়েছে তাঁকে। ওই প্রৌঢ়কে ঠিক করে খেতেও দেওয়া হত না বলে অভিযোগ প্রতিবেশীদের।

প্রতিবেশীদের দাবী, মারধরের জেরেই মৃত্যু হয়েছে শঙ্করবাবুর। মা-ছেলে মিলেই খুন করেছে তাঁকে, এমনটাই অভিযোগ তাদের। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ নজিরবিহীন ঘটনা! যুবককে খুন করে দেহ টুকরো টুকরো, একসঙ্গে ৭ জন দোষীকে ফাঁসির নির্দেশ আদালতের 

শঙ্করবাবুর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে শারীরিক অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে এই পুলিশকর্মীর নাকি এটি আসলে খুনের ঘটনা, এমনটাই জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তদের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের কঠোর শাস্তির দাবী তুলেছেন তারা।  

আরও অন্যান্য খবর