পুলিশের ভূমিকা ফের একবার প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। এক মামলার প্রেক্ষিতে এবার পুলিশকে ভর্ৎসনা করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের সঠিক প্রশিক্ষণ দরকার বলে জানান তিনি।
সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তিনি। সেই ঘটনাতেই পুলিশের উপর ক্ষোভ জারি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ সময়ের সঙ্গে নিজেকে বদলায়নি, তাদের কাজের পদ্ধতি পাল্টায় নি বলে দাগেন বিচারপতি।
এদিন বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, “পুলিশের প্রশিক্ষণ দরকার। আপনারা ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারা দিলেন কেন? আপনারা এটা কীভাবে করতে পারেন? আপনাদের আদালতের অনুমতি নেওয়ার দরকার ছিল। কীভাবে এমন এফআইআর করতে পারেন? নন কগনিজেবল অপরাধের ক্ষেত্রে পুলিশের প্রশিক্ষণ দরকার। পুলিশ প্রথাগত ব্যবহার করছে। সময়ের সঙ্গে নিজেকে বদলায়নি। আদালতের রেকর্ডে এটা রাখতে চাই না। আপনি অপরাধ চিহ্নিত করছেন”।
হাইকোর্টের কথায়, নন কগনিজেবল এফআইএর ব্রিটিশ আমল থেকে চলে আসছে। আর পুলিশ এখনও সেই পদ্ধতিই কপি করে যাচ্ছে। পুলিশের কাজের ধারা নিয়ে এদিন প্রশ্ন তোলে আদালত। এই বিষয়ে পুলিশের প্রশিক্ষণ প্রয়োজন বলেই মনে করছেন বিচারপতি ঘোষ।
তবে এই প্রথমবার নয়, এর আগেও পুলিশকে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক ব্যক্তির বাড়িতে হামলা করার মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় পুলিশকে তোপ দেগে আদালত বলেছিল, “কীভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটা এরা জানে বলে মনে হচ্ছে আপনার? অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায়? এই অফিসারদের আইনের জ্ঞান কতটা? কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন। সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না”।






