‘দেশের চেয়ে বড় কিছু নয়…’, হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ, বাংলাদেশের রোগীদের বয়কটের সিদ্ধান্ত রাজ্যের আরও এক হাসপাতালের

ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটেই চলেছে বাংলাদেশে। ভারত-সহ নানান দেশের তরফে কড়া বার্তার পরও এখনও ওপার বাংলায় জারি হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা। সেই ঘটনার আঁচ পড়েছে এপার বাংলাতেও। গর্জে উঠেছেন এ রাজ্যের মানুষ। এই ঘটনার প্রতিবাদে এবার বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত নিল রাজ্যের আরও এক হাসপাতাল।

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, মন্দিরে হামলা, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এর আগে কলকাতার এক বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশি রোগীর দেখা বন্ধ করার সিদ্ধান্ত নেন। কলকাতার মানিকতলার এক বেসরকারি হাসপাতালের তরফেও জানানো হয়, তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা আপাতত বন্ধ রাখবে। এমন আবহে এবার ফের এক হাসপাতালের তরফে নেওয়া হল এমন সিদ্ধান্ত।   

এবার বাংলাদেশি রোগীদের বয়কট করল দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল। সেই হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় এই সিদ্ধান্তের বিষয়ে জানান, “দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের অবদান তো অনস্বীকার্য। অথচ আজ ভারতের পতাকা বাংলাদেশে অপমানিত হচ্ছে। এই অপমান কীভাবে সহ্য করা যায়! তাই এই প্রতিবাদ”।

তাঁর কথায়, “এভাবে বাংলাদেশি রোগীদের বয়কট করতে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু ইউনুসের সরকারকে বার্তা দিতে এছাড়া বিকল্প কোনও উপায় নেই। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত”।

বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর দিনের পর দিন ধরে অকথ্য অত্যাচার চলে আসছে, মিথ্যে অভিযোগ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারি, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদেই দুর্গাপুরের এই হাসপাতালের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।   

আরও পড়ুনঃ ‘যাহা ওপারের ইউনুস, তাহাই এপারের মমতা…’, সনাতনী সমাজের প্রতিবাদ মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা মাত্রা ছাড়িয়েছে। এরই মধ্যে ভাইরাল এক্ল ভিডিওতে দেখা গিয়েছে, বাংলাদেশের নানান জায়গাতেই ভারতের জাতীয় পতাকার প্রতিকৃতি এঁকে তার উপর পা দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানকার লোকজন। ভারতীয় জাতীয় পতাকার এমন অবমাননা মোটেই মেনে নিতে রাজি নয় ভারতীয়রা। সেই ঘটনায় সরব সকলে। এরই মধ্যে এবার বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত আরও এক হাসপাতালের।  

আরও অন্যান্য খবর