চাকরি দেওয়ার নামে কাররর থেকে টাকা তোলা বা সেই টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া, এমন অভিযোগ একাধিকবার উঠেছে শাসক দলের নানান নেতাদের বিরুদ্ধে। এবার চাকরির লোভ দেখিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ স্তরের নেতার বিরুদ্ধে। সেই নেতাকে আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরায়। জানা গিয়েছে, সেখানকার একটি কলেজে অশিক্ষক কর্মচারী হিসেবে কর্মরত তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা। তাঁর স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন।
এমনকি, গভীর রাতে মহিলাকে অশালীন মেসেজও করতেন ওই নেতা, এমনটাও অভিযোগ। ওই মহিলার থেকে তাঁর পরিবারের লোকজন একথা জানার পর ওই তৃণমূল নেতাকে চেপে ধরেন। এমনকি, তাকে গণপিটুনিও দেওয়া হয় বলে জানা গিয়েছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু মধ্যরাতেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এমন ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বাম-বিজেপি ও স্থানীয়রা। থানা ঘেরাও করে তারা। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। বিরোধীদের দাবী, শাসক দলের চাপেই ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ।
অন্যদিকে, মহিলার পরিবারের দাবী, তারা তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন কিন্তু সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনায় এদিন বাগডোগরা থানা ঘেরাও করে এসএফআই, বিজেপির ছাত্র যুব মোর্চা। শাসক দলের তরফে যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।





