পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলাদেশ? দুই দেশের গোপন চুক্তি কি ডেকে আনছে ভারতের বিপদ?

বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানের (Pakistan) সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের স্মৃতি এখনও জীবন্ত বাংলাদেশের বহু নাগরিকের মনে। সেই যন্ত্রণার স্মৃতি আজও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ছায়া ফেলে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। এখন দুই দেশের মধ্যে সীমিত অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক বজায় রয়েছে। তবে এই সম্পর্কের গভীরতা কতটা এবং তার প্রভাব ভারতের(India) ওপর কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা সেই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশের ছয়জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করে ফিরেছেন। এই সফর নিয়ে আলোচনা উঠলেও প্রথমদিকে বিষয়টি খুব একটা নজরে আসেনি। কিন্তু এরপর পাকিস্তানের আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নেতৃত্বে একটি চার সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছানোয় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ বিমানে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তারা। এমনকি বাংলাদেশ সেনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর এক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে পাক প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়েছে বলেও জানা গিয়েছে।

গোপনীয়তার আবরণে ঢাকা-ইসলামাবাদ বৈঠক

পাকিস্তানি সেনাকর্তাদের এই সফরকে ঘিরে যা সবচেয়ে বেশি উদ্বেগজনক, তা হল গোটা বিষয়টির গোপনীয়তা। ঢাকায় বৈঠক হলেও দুই দেশের তরফে তা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই গোপনীয়তা ভারতের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে, পাক সেনার প্রস্তাবিত সামরিক চুক্তির সম্ভাবনা এবং তার প্রভাব নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের লক্ষ্য এবং বাংলাদেশের অবস্থান

পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন মঞ্চে চাপ সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে তাদের সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা যাচ্ছে, বাংলাদেশের গাজীপুরে সমরাস্ত্র নির্মাণের কারখানায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। তাদের ‘শাহীন’ সিরিজ়ের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মোতায়েন হলে তা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

আরও পড়ুনঃ দুই এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ! দুর্ঘটনায় মৃত ৮!

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই ঘনিষ্ঠতা যদি আরও বাড়ে, তাহলে তা ভারতের পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই নিরাপত্তার প্রশ্ন তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জামাত পরিচালিত ইউনুস সরকারের বর্তমান নীতিও ভারত-বিরোধিতার দিকে ঝুঁকছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশের কূটনৈতিক এবং সামরিক অবস্থান আগামী দিনে কী মোড় নেয়, তা ভারতের কাছে বিশেষ গুরুত্ব পাবে। সব মিলিয়ে, সাম্প্রতিক ঘটনাবলি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles